
যৌথ প্রযোজনায় নির্মিত ‘অগ্নি ২’ ও ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবির পর আবার কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের চিত্রনায়িকা মাহিয়া মাহির ছবি। তাঁর এবারের ছবি ‘তুই শুধু আমার’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই ছবির পরিচালক অনন্য মামুন ও জয়দীপ মুখোপাধ্যায়। ছবিতে মাহির সঙ্গে অভিনয় করেছেন সোহম, ওম ও আমান রেজা। ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে ৩১ আগস্ট।
‘তুই শুধু আমার’ ছবিতে মাহি একজন মডেল। উচ্চাকাঙ্ক্ষী। আর তা পূরণ করতে গিয়ে ঘটে নানা ঘটনা। দুই নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেন, ‘এই ছবিতে সোহমের সঙ্গে অভিনয় করে আমি আপ্লুত। অভিনয়ে আসার আগে থেকেই সোহমের অভিনয় দেখেছি। তাঁর ছোটবেলায় অভিনয় করা সিনেমার একটা ডায়ালগ, “হরলিকস দাও না, চেটে চেটে খাব”র কথা খুব মনে পড়ে। এমন তারকার সঙ্গে কাজ করার মজাই আলাদা।’
মাহি আরও বললেন, ‘ওম আমার ফেবারিট অ্যাক্টর। তাঁর সঙ্গে আগেও কাজ করেছি।’
পরিচালক অনন্য মামুন ছবিটি নিয়ে এর আগে বলেছেন, ‘ছবির গল্পে তিন নায়কই মাহির প্রেমে অন্ধ। সবাই তার জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত কে তাকে পাবে, তা সিনেমা হলে ছবি শেষ হওয়ার আগে দর্শক বুঝতে পারবেন না।’
এদিকে ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যৌথ প্রযোজনার ছবির প্রিভিউ কমিটি ছবিটি দেখেছে। ‘যথাযথ নিয়ম মানা হয়নি’—এই অভিযোগে ছবিটির ছাড়পত্র দেয়নি কমিটি।
আজ বুধবার সকালে ছবির অন্যতম প্রযোজক অনন্য মামুন প্রথম আলোকে বলেন, ‘আমরা যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটির কাছ থেকে চিত্রনাট্য পাস করিয়ে তবেই শুটিং করেছি। আমরা ২০১২ সালের নীতিমালা অনুসরণ করেছি। “তুই শুধু আমার” ছবির গল্প লন্ডন শহরকে ঘিরে। তাই ছবির পুরো শুটিং হয়েছে লন্ডনে। কিন্তু প্রিভিউ কমিটি ২০১৭ সালে হওয়া নতুন নীতিমালায় ছবিটি প্রিভিউ করেছে। এই নীতিমালা অনুযায়ী ছবির ৫০ ভাগ কাজ দেশে করতে হবে। আমরা তথ্য মন্ত্রণালয়ের আপিল বিভাগে আবেদন করেছি। দেখি, কী সিদ্ধান্ত পাই। যদি এভাবে না হয়, তাহলে সাপটা চুক্তি অনুযায়ী শিগগিরই ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে।’
এবার ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে মাহিয়া মাহির ছবি ‘মনে রেখো’। এই ছবিতে বনি সেনগুপ্ত এবং জয়ী দেব রায়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি। জানালেন, বনি আর ওম তাঁর পছন্দের অভিনেতা। বনির সঙ্গে আবারও কাজ করার ইচ্ছা আছে তাঁর।