মুঠোফোনে ১০ মিনিট

কাঁপিয়ে দিতে চাই

এক বছর আগের কথা। গত বছর সেপ্টেম্বর মাস। চিকিৎসক জানালেন, সুমন ক্যানসারমুক্ত। এরপর আবার গান। কারণ, সুমন গানের মানুষ। গান থেকে বেশিক্ষণ দূরে থাকা সম্ভব? মোটেও না। অসুস্থতার জন্য প্রায় বছর পাঁচেক ঠিকমতো গান করতে পারেননি। মাঝে পুরো এক বছর কোনো স্টেজ শো করেননি। খবরটি শুনে আবার ফিরে গেছেন কনসার্টে। শ্রোতা আর ভক্তদের কাছাকাছি। বলেছিলেন, সবার ভালোবাসার জন্যই তখন ক্যানসারকে জয় করেছেন। না, আবার সেই পুরোনো সমস্যা। সম্প্রতি ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন তিনি। সবাইকে নিজেই জানিয়েছেন, ক্যানসার আবার তাঁকে আক্রমণ করেছে। তিনি এখন চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। ২৬ অক্টোবর সন্ধ্যায় মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন আলম বিশ্বাস।

সুমন
সুমন

আপনি এখন কোথায়?
উত্তরায়, বাসায়ই আছি।
কেমন আছেন?
এই তো। আবার ক্যানসার ধরা পড়েছে। এবার হয়েছে পায়ে। চিকিৎসকদের ভাষায়, ‘সফট টিস্যু কারসিনোমা’য় ক্যানসার কোষ পাওয়া গেছে।
কবে জানতে পারলেন?
গত মাসে, সিঙ্গাপুর গিয়েছিলাম। তখন রক্ত পরীক্ষায় একটু সমস্যা পাওয়া যায়। এরপর দ্রুত ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে যাই। এখানেই দীর্ঘদিন আমি ক্যানসারের চিকিৎসা নিচ্ছি। এই হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আমার শরীরে নতুন করে ক্যানসার কোষ দেখা দিয়েছে। এবার এটা হয়েছে ডান পায়ে। তবে তা একেবারেই প্রাথমিক অবস্থায় আছে।
চিকিৎসা শুরু হয়েছে?
হ্যাঁ। একটা কেমোথেরাপি নিয়েছি। সাত দিন আগে দেওয়া হয়েছে। এটা নিয়েই দেশে ফিরেছি। আগামী ১০ নভেম্বর আবার ব্যাংককে যাব। ১২ নভেম্বর চেকআপ করে কেমোথেরাপি দেওয়া হবে। তাতে ইতিবাচক ফল পাওয়া না গেলে ১৪ নভেম্বর অস্ত্রোপচার করা হবে।
আপনি এর আগে চারবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেগুলোর তুলনায় এবার কেমন মনে হচ্ছে?
যাচ্ছে তাই (হাসি)। কারণ, আমার প্রথম ক্যানসার হয় মেরুদণ্ডে। এরপর মস্তিষ্কে। পরে তা পাকস্থলী আর কিডনিতে ছড়িয়ে যায়। এবার হয়েছে পায়ে। আগেরগুলো তো খুবই ভয়াবহ ছিল। সে তুলনায় এটা বেশ ভালো অবস্থায় আছে।
এবার ব্যাংককে আপনার সঙ্গে কেউ যাচ্ছে?
আমার ছেলে আহনাফ আর মেয়ে অরোরা যেতে চায়। কিন্তু ওরা ওখানে গেলে কষ্ট পাবে। এ জন্য ওদের নেওয়ার ইচ্ছে নেই। ওই হাসপাতালে তো অনেক দিন চিকিৎসা নিয়েছি। সবাই আমাকে ভালো করে চেনে। হোটেল থেকে শুরু করে হাসপাতালের সবাই আমার বেশ যত্ন নেয়।
সামনে অস্ট্রেলিয়ায় একটি কনসার্টে আপনার গান গাওয়ার কথা আছে।
আমি কিন্তু সেখানে গান করব। গান নিয়ে সমস্যা হচ্ছে না। সত্যি বলতে, একেবারে কাঁপিয়ে দিতে চাই। এরপর গিয়ে হাসপাতালে ঢুকব। সিডনিতে কনসার্টটি হবে ১ নভেম্বর। ২৮ অক্টোবর (তাঁর সঙ্গে কথা হয়েছে ২৬ অক্টোবর) আমি ঢাকা ছাড়ব।
গান করতে সমস্যা হচ্ছে?
একদম না।
গান নিয়ে সামনে কী পরিকল্পনা করেছেন?
আগামী ডিসেম্বর মাসজুড়ে কনসার্ট আছে। অর্থহীন নিয়ে বিশেষ আয়োজন থাকবে। আগামী বছর জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আর ক্যালিফোর্নিয়াতে যাব। সেখানে প্রখ্যাত কয়েকজন শিল্পীর সঙ্গে রেকর্ডিং আছে। এরপর ‘ন্যাম ফেস্ট’-এ অংশ নেব। ওখানে আমি গান করব।
ভক্ত আর শ্রোতাদের উদ্দেশে কিছু বলবেন?
আমি খুব ভাগ্যবান, অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। তাদের দোয়া আর ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। তা না হলে ১১ বার ক্যানসারের অস্ত্রোপচার করার পরও আমি বেঁচে আছি! সবাই আমার জন্য দোয়া করবেন।