কানে শুভর স্বপ্নছোঁয়া

কান সৈকতের ৭৫তম এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন আরিফিন শুভ
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

রাত পোহালেই শুরু হচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান সৈকতের ৭৫তম এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন আরিফিন শুভ। তাঁর অভিনীত ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেলার প্রকাশিত হবে কানে। ‘মুজিব’ সিনেমার ট্রেলার প্রকাশে কানে অংশ নিতে পারা এই চিত্রনায়কের কাছে স্বপ্ন ছোঁয়ার মতো।

কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাণিজ্যিক শাখা দেখানো হবে ট্রেলার

কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাণিজ্যিক শাখা। এই শাখায় প্রকাশিত হবে ‘মুজিব’–এর ট্রেলারটি। জানা যায়, ১৯ মে ভারতীয় প্যাভিলিয়নে এই প্রকাশনার আয়োজন করা হয়েছে। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। ট্রেলার প্রকাশে অংশ নেওয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এটা আমার কাছে স্বপ্ন ছোঁয়ার মতো। এই আনন্দ ও গৌরব আমার একার নয়। আমার সব দর্শকের। বাংলাদেশি মানুষদের। আমি সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল স্যার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, ইন্ডিয়ান চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, আমাদের প্রধানমন্ত্রী এবং সিনেমার যত কলাকুশলী ছিলেন, সবার কাজে কৃতজ্ঞ। পাঁচবার অডিশন নিয়ে হলেও এমন একটি চরিত্রে আমাকে ডাকা হয়েছে, আমাকে বিশ্বাস করা হয়েছে, সে জন্য আমি কৃতজ্ঞ।’

নুসরাত ইমরোজ তিশা সিনেমায় মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন

এর আগে গত এপ্রিলে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ চলচ্চিত্রের পোস্টার উন্মোচিত হয়। পরবর্তী সময়ে চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল ভ্যারাইটিকে জানিয়েছিলেন, পোস্টার প্রকাশের পর এবার আসছে চলচ্চিত্রটির ট্রেলার। কান চলচ্চিত্র উৎসবে ট্রেলারটি প্রকাশিত হবে। কানে ট্রেলারটি প্রকাশ করা প্রসঙ্গে গণমাধ্যমে বলেছিলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে আসা পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে আশা করছি আমরা। কারণ, এটি বিশ্বের বৃহত্তম বাজার, যেখানে অন্য যেকোনো চলচ্চিত্র উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন।’
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এবং ভারত সরকারের এনএফডিসির যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শুভ ছাড়াও অংশ নিচ্ছেন সিনেমার আরেক অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি সিনেমায় মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ; ভারতের কেন্দ্রীয় তথ্য, সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং সিনেমার পরিচালক।

‘মুজিব: দ্য মেকিং অব নেশন’ চলচ্চিত্রের পোস্টারের সামনে নির্মাতা শ্যাম বেনেগাল

২০২০ সালের জানুয়ারি মাসে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব’ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হয়। শেষ ভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত বছরের ১৭ নভেম্বর ঢাকায় আসেন শ্যাম বেনেগাল, ছবির কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াত প্রমুখ। বাকি শুটিং শেষ করে তাঁরা ভারতে ফিরে যান। সিনেমায় শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া এবং তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। এই চলচ্চিত্রের অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খানসহ শতাধিক শিল্পী। এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।