কাল শনিবার পয়লা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শীর্ষক আয়োজনের মাধ্যমে বসন্তকে আবাহন করবে ‘জাতীয় বসন্ত উদ্যাপন পরিষৎ’। মূল আয়োজনটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। এ ছাড়া পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক, ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবর ও উত্তরার ৭ নম্বর পার্কের মাঠে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব।
গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় বসন্ত উদ্যাপন পরিষৎ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন পরিষৎ-এর দুই সহসভাপতি কাজল দেবনাথ ও স্থপতি শফিউদ্দিন আহমেদ, সহসাধারণ সম্পাদক মানজার চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শনিবার সকাল সাতটায় শুরু হবে বসন্ত আবাহনের এ উৎসব। মতিয়ার রহমানের সারেঙ্গিবাদনের মধ্য দিয়ে সূচনা হবে আয়োজনের। বেলা ১১টা পর্যন্ত চলবে প্রথম পর্বের অনুষ্ঠানমালা। উৎসব আয়োজনে সহযোগিতায় রয়েছে মোবাইল কোম্পানি গ্রামীণফোন।