মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র—সব মাধ্যমেই সমানতালে অভিনয় করেছেন কেরামত মওলা। জন্ম ১৯৪২ সালের ১৫ নভেম্বর যশোরের শিরগা গ্রামে। পার করলেন মঞ্চের সঙ্গে দীর্ঘ ৫৫টি বছর। কথা হলো তাঁর সঙ্গে। কেমন আছেন, কেরামত ভাই? চুপ থাকলেন কিছুক্ষণ। কথা হচ্ছিল মুঠোফোনে। বললেন সাংস্কৃতিক অঙ্গনে কেটে যাওয়া তাঁর ৫৫ বছরের বর্ণাঢ্য জীবনের কথা। পড়ালেখা করেছেন ঢাকা আর্ট কলেজে। নাটক করেছেন খুব অল্প বয়স থেকে। ১৯৫৬ সালে শান্তিনগর ক্লাবের একটি নাটক দিয়ে মঞ্চ নাটকে তাঁর পথচলা শুরু—একাধারে অভিনেতা এবং নির্দেশক হিসেবে। নাটকের নাম ভাড়াটে চাই। পরে যোগ দেন স্বাধীনতা-পূর্ব বিখ্যাত নাট্য সংগঠন ড্রামা সার্কেলে। অভিনয় করেন তাসের দেশ, রক্তকরবী, রাজা-রানী, ইডিপাস ইত্যাদি নাটকে। শিল্পী মুস্তাফা মনোয়ারের নির্দেশনায় ডাকঘর নাটকে অভিনয় করেন আর্ট কলেজে। ‘১৯৭২ সালে থিয়েটারের সঙ্গে যুক্ত হই। মুনীর চৌধুরীর বিখ্যাত কবর নাটক দিয়ে শুরু। তারপর একে একে চারদিকে যুদ্ধ, সেনাপতি, পায়ের আওয়াজ পাওয়া যায়, জমিদার দর্পণ, মহাপুরুষ, দুই বোনসহ অসংখ্য নাটকে অভিনয় করেছি।’ জানালেন কেরামত মওলা। রামেন্দু মজুমদারের আহ্বানে অভিনয় করছেন পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকে। একসময় মামুনুর রশীদের আহ্বানে আরণ্যক নাট্যদলের সঙ্গে কাজ করেছে দক্ষিণের জানালা নাটকে। কোনো দলের নয়, এখন নিজেকে উন্মুক্ত করে দিয়েছেন। সবার সঙ্গে কাজ করে বাকি জীবনটা মঞ্চের সঙ্গে কাটিয়ে দিতে চান তিনি। কথাটি বেশ দরদ দিয়ে বললেন কেরামত ভাই।