দক্ষিণ কোরিয়ায় ২৪তম কেয়োচং আন্তর্জাতিক থিয়েটার উৎসবে অংশ নিচ্ছে সুবচন নাট্য সংসদের নাটক মহাজনের নাও। দক্ষিণ কোরিয়ার জিয়োচং-গান এলাকায় ২০ দিনের এ উৎসব শুরু হচ্ছে ২৭ জুলাই। এখানে ১২টি দেশের ৪৭টি সংগঠন ও ৫৫টি দল ২০০ নাটক মঞ্চস্থ করবে। আগামী ৯ ও ১০ আগস্ট সান থিয়েটার মঞ্চে মহাজনের নাও নাটকের দুটি প্রদর্শনী হবে। এ উৎসবের জন্য সুবচনের নাটকটিকে মনোনীত করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।জানা গেছে, দলনেতা ঝুনা চৌধুরী ও সুবচনের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াসের নেতৃত্বে ৬ আগস্ট ১৯ সদস্যের একটি দল দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করবে।প্রয়াত বাউল শাহ আবদুল করিমের জীবন ও দর্শননির্ভর মহাজনের নাও নাটকটি লিখেছেন শাকুর মজিদ এবং নির্দেশনা দিয়েছেন ও পরিকল্পনা করেছেন সুদীপ চক্রবর্তী।