যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাইলেন্ট রিভার চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে তিনটি শাখায় মনোনয়ন পেয়েছে বাংলাদেশের ছবি গহীনে শব্দ। বিভাগগুলো হলো—শ্রেষ্ঠ ছবি (গহীনে শব্দ), শ্রেষ্ঠ পুরুষ চরিত্র (মাসুম আজিজ) ও শ্রেষ্ঠ নারী চরিত্র (কুসুম শিকদার)। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এই উৎসব। ইমপ্রেস প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু।ক্যালিফোর্নিয়ার আরভিন শহরে এডওয়ার্ডস ওয়েস্ট পার্ক ৮, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও ম্যাককরমিক সিনেমা কমপ্লেক্সে দেখানো হবে উৎসবের ছবিগুলো। উৎসবের কর্মকর্তা কেলি এস ব্রক্স জানিয়েছেন, এবার উৎসবে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র মিলে ২০টি দেশের ১৫টি ভাষার ৮০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর আগে গহীনে শব্দ কানাডার উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারসহ তিনটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।