গত বছরের জুলাইতে ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের ঘনিষ্ঠতার খবর ও ছবি ফাঁস হওয়ার রেশ ধরে চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদের আবেদন করেন রুপার্টের স্ত্রী লিবার্টি রোজ। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও, সম্প্রতি মুখ খুলেছেন ৩৪ বছর বয়সী এ ব্রিটিশ মডেল ও অভিনেত্রী।বরাবরই রুপার্ট-ক্রিস্টেন প্রসঙ্গকে এড়িয়ে চললেও সম্প্রতি নীরবতা ভেঙে রোজ বলেছেন, ‘ঘটনাটি জানার পর অনেক বেশি অসহায় বোধ করেছিলাম। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পার করতে হয়েছে আমাকে।’ জানিয়েছে ‘দ্য ডেইলি এক্সপ্রেস’। রোজ আরও বলেন, ‘গত সেপ্টেম্বরে ডিজাইনার আলেকজান্ডার ওয়াং-এর জন্য নিউইয়র্ক ফ্যাশন উইকে র্যাম্পে হেঁটেছিলাম। সত্যি বলতে কী, সেদিন জীবনের কঠিনতম সময়ের সঙ্গে যুদ্ধ করার অনুপ্রেরণা পেয়েছিলাম আমি। শুরুতে ভয় অনুভব করলেও, র্যাম্পে ওঠার পর চমত্কার একটি অভিজ্ঞতা হয়েছিল। মনে হচ্ছিল, আমি ভেঙে যাইনি। নিজের ভেতর লুকিয়ে থাকা এ মনোবল প্রদর্শনের সুযোগ করে দেওয়ায় এবং আমার ওপর বিশ্বাস রাখায় আমি আলেকজান্ডারের কাছে চির কৃতজ্ঞ।’ ২০১২ সালে হলিউডের অন্যতম আলোচিত ঘটনা ছিল রুপার্ট এবং ক্রিস্টেনের পরকীয়া। ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবিতে ৪২ বছর বয়সী রুপার্টের পরিচালনায় কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ২২ বছর বয়সী ক্রিস্টেনের। মজার বিষয় হল, ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির নাম ভূমিকায় ছিলেন ক্রিস্টেন। আর স্নো হোয়াইটের মায়ের চরিত্রে অভিনয় করেন লিবার্টি রোজ। ছবিটির শুটিং চলাকালে রুপার্ট ও ক্রিস্টেনের ঘনিষ্ঠতা বাড়লেও রোজ তা আঁঁচ করতে পারেননি। পরে পরকীয়ার খবর চাউর হলে তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান। ঘটনা ফাঁস হওয়ার পর রুপার্ট ও রোজের ১০ বছরের সাজানো সংসারে অশান্তির ঢেউ ওঠে। ক্রিস্টেন ও রুপার্ট প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেও স্বামীর প্রতারণার বিষয়টিকে রোজ কোনোভাবেই মন থেকে সরাতে পারছিলেন না।দুই শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে সমস্যা কাটিয়ে উঠে দাম্পত্য জীবনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছেন রোজ। কিন্তু প্রায় ছয় মাস মনের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত জানুয়ারি মাসে তিনি বিচ্ছেদের আবেদন করেন লস অ্যাঞ্জেলেস আদালতে।