
মৃৎশিল্প বাংলার গৌরব ও ঐতিহ্যের অংশ। বাংলার সামাজিক সাংস্কৃতিক ইতিহাস রচনার অন্যতম উৎস। লোকায়ত শিল্পকলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ছাত্রদের পোড়ামাটির শিল্পকর্ম এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগৃহীত লোকায়ত মৃৎশিল্পকর্মের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।
শুক্রবার বিকেল চারটায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আয়োজিত এই মৃৎশিল্প প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দেশবরেণ্য শিল্পী রফিকুন নবী।
জাতীয় জাদুঘরে কিপার শিহাব শাহরিয়ার প্রথম আলোকে জানান, ‘পোড়ামাটির শিল্পকর্ম’ প্রদর্শনীতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত পোড়ামাটির শিল্পকর্ম থেকে নির্বাচিত ১০০টি নিদর্শন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ছাত্রছাত্রীদের তৈরি ৫০টি পোড়ামাটির শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া প্রদর্শনীতে উপস্থাপিত আলোকচিত্রের মাধ্যমে নিত্যব্যবহার্য সামগ্রী, শৌখিন শিল্পকর্ম, স্থাপত্য শিল্পকর্ম, ভাস্কর্য এবং বৌদ্ধবিহার, মন্দির ও মসজিদের গাত্রালংকারে ব্যবহৃত ফলকের মাধ্যমে প্রাচীন বাংলার ধর্মীয় ও সামাজিক ইতিহাস এবং স্থাপত্য অলংকরণের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে মৃৎশিল্পের বিবর্তনের চিত্র পরিষ্কারভাবে বোঝা যাবে।