জীবনের ডাকে সাড়া দিলেন প্রসেনজিৎ

প্রসেনজিৎ
প্রসেনজিৎ

ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎেক একনজর দেখার জন্য বাংলাদেশ থেকে ছুটে এসেছিল ১৩ বছরের কিশোর জীবন মিয়া৷ ঘটনাটি গত বছরের আগস্ট মাসের৷ সপ্তম শ্রেণীর ছাত্র জীবনের বাড়ি হবিগঞ্জের সিংহ গ্রামে৷ তার কোনো পাসপোর্ট ছিল না৷ একদিন শিয়ালদহ স্টেশনে রেলপুলিশের হাতে ভবঘুরে হিসেবে গ্রেপ্তার হয় জীবন৷ কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সহায়তায় গত ৯ জানুয়ারি রেলপুলিশ জীবনকে ফিরিয়ে দেয় বাংলাদেশে৷ এরপর কলকাতার বাংলা দৈনিক এই সময়-এর প্রথম পাতায় ‘কোথায় পাব তারে’ শিরোনামে জীবনের খবরটি প্রকাশিত হয়৷ আর তা পড়ে প্রসেনজিৎ ওই পত্রিকা অফিসের সঙ্গে যোগাযোগ করেন৷
এই প্রতিবেদককে প্রসেনজিৎ জানান, জীবনের সঙ্গে দেখা করবেন তিনি৷ জীবন যদি কলকাতায় আসতে না পারে, তাহলে প্রসেনজিৎ নিজেই বাংলাদেশে গিয়ে দেখা করতে চান জীবনের সঙ্গে৷