ঢাকা ক্লাবের শতবর্ষপূর্তিতে স্মারক ডাকটিকিট প্রকাশ

ঢাকা ক্লাবের শতবর্ষপূর্তি উপলক্ষে ডাক বিভাগ একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে এই স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের সভাপতি সাদাত সেলিম এবং সাবেক সভাপতি ও অনুষ্ঠান উদ্যাপন কমিটির প্রধান আবদুস সাত্তারসহ ক্লাবের সাবেক সভাপতি ও সদস্যরা। উদ্বোধনী বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ক্লাবের ব্যাপারে এটিই প্রথম ডাকটিকিট। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ডাকটিকিট অবমুক্ত করার কথা থাকলেও শোকের মাসের (আগস্ট) কারণে তিনি আসতে পারেননি।উল্লেখ্য, ১৯১১ সালে তদানীন্তন পূর্ব বাংলা ও আসামের লে. গভর্নর স্যার ল্যান্সলট হেয়ার ক্লাবটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।