সংস্কৃতি সংবাদ

নজরুলের গানের আসর

ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার কক্ষে গান গাইছেন অনিন্দিতা চৌধুরী l প্রথম আলো
ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার কক্ষে গান গাইছেন অনিন্দিতা চৌধুরী l প্রথম আলো

বয়সের ভার বহন কষ্টসাধ্য—এমন একজন মানুষ লিফটে উঠলেন। কাঁপা কাঁপা হাতে টিপলেন লিফটের তিন লেখা বোতাম। সময় নিয়ে গুটি গুটি পায়ে তিনি এগিয়ে গেলেন এ এস মাহমুদ সেমিনার কক্ষে। পেছন থেকে তাঁকে চা পানের আহ্বান জানালেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর বিনোদন সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। বয়স্ক মানুষটি শুনতে পেলেন না সেই ডাক। গিয়ে বসলেন একটি আসনে—তিনি নজরুলের গান শুনতে এসেছেন।
কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় বিশেষ গানের অনুষ্ঠান আয়োজন করেছিল দ্য ডেইলি স্টার-এর স্টার মেলোডিজ। নিয়মিত এ ধরনের আসর করে আসছে প্রতিষ্ঠানটি। গান শুরুর আগে আয়োজনের প্রাসঙ্গিকতা নিয়ে কিছু কথা বলেন আয়োজকেরা। গান শোনার পাশাপাশি নজরুলকে জানতে কিছু প্রশ্নও আহ্বান করেন তাঁরা।
সংগীতানুষ্ঠান ‘পূবালী পবনে বাঁশী বাজে’তে গান করেন খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী সালাহউদ্দিন আহমেদ, তাঁর পুত্র নিশাত আহমেদ। তরুণ শিল্পী নিশাতকে সাধুবাদ জানান উপস্থিত শ্রোতারা। ‘পরদেশী মেঘ যাওরে ফিরে’, ‘তুমি যদি রাধা হতে শ্যাম’ গান দিয়ে শুরু করেন অনিন্দিতা চৌধুরী। পুতুল রানী করেন ‘বেদনা বিহ্বল পাগল পূবালী পবনে’ গানটি। এ ছাড়া আরও গান শোনান সুমন চৌধুরী। রূপা চক্রবর্তী নজরুলের ‘গানের আড়াল’ কবিতাটি আবৃত্তি করে শোনান।