
আরও একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। ‘ইন্দুবালা’ নামের এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে দেখা যাবে নতুন মুখ পায়েলকে। অভিনেতা মাসুম আজিজের গল্পে ছবিটি পরিচালনা করবেন জয় সরকার। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে হয়েছে ছবিটির মহরত।
নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিলন। বললেন, ‘বেশ কয়েকটি নতুন ছবিতে কাজ করছি। এর মধ্যে ইন্দুবালা একটি। ছবির গল্প অন্য রকম। আর গল্পের প্রয়োজনেই নতুন একজন মেয়েকে নেওয়া হয়েছে।’
পরিচালক জানালেন, নভেম্বরের প্রথম সপ্তাহে জয়পুরহাটে শুরু হবে এই ছবির শুটিং। টানা শুটিংয়ে শেষ হবে পুরো কাজ। সম্পাদনা শেষে আগামী বৈশাখে মুক্তি দেওয়ার ইচ্ছা। ছবিটিতে আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শহিদুল ইসলাম সাচ্চু, সাদেক বাচ্চু, শামীমা নাজনীন, মাসুম আজিজ। প্রযোজনা করছে নাজ মাল্টিমিডিয়া।