ঈদের ছবি

প্রচার আর প্রচারণা

পদ্মপাতার জল ছবিতে অভিনয় করেছেন মিম ও ইমন। ছবি: সুমন ইউসুফ
পদ্মপাতার জল ছবিতে অভিনয় করেছেন মিম ও ইমন। ছবি: সুমন ইউসুফ

গত ২৬ জুন। সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় গেলেন ইমন আর মিম। ইফতার করেছেন এতিমদের সঙ্গে।
হঠাৎ ইফতার? ইমন বললেন, ‘এটা আমাদের নতুন ছবির প্রচারণার একটি অংশ।’
এই নতুন ছবির নাম পদ্মপাতার জল। ২৯ জুন ছবিটি কোনো কর্তন ছাড়াই চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
ছবিতে ইমনের সঙ্গে আরও আছেন মিম। ২৭ জুন দুপুরে তাঁরা দুজনই এলেন প্রথম আলো কার্যালয়ে। জানালেন, তাঁরা ঢাকার কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। সেখানে ছবিটি নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন, ছবির কিছু উল্লেখযোগ্য অংশ দেখিয়েছেন, ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে। এবার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। তাই প্রায় মাস খানেক ধরে ছবির প্রচার-প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত তাঁরা।
ইমন বললেন, ‘ঢাকার বাইরের কয়েকটি জেলায়ও আমরা প্রচারণার কাজ করেছি। যেসব জেলায় ছবিটি মুক্তি দেওয়া হবে, সেসব জেলায় আমরা যাচ্ছি।’
এমনই কয়েকটি জেলা হলো নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা।
মিম বললেন, ‘ইমন যাচ্ছে, আমি সব জায়গায় যেতে পারছি না।’
‘কেন?’
‘লং জার্নি করতে পারি না।’
‘তাহলে মিমকে ছাড়াই প্রচারণা হচ্ছে?’
‘না না, তা কেন হবে! সামনে ভোলায় যাব। হেলিকপ্টারে।’
এবারই প্রথম কোনো ছবির প্রচারণার কাজে অংশ নিচ্ছেন মিম। বললেন, ‘দারুণ উপভোগ করছি।’
মিম এবার কলকাতার একটি ছবিতে অভিনয় করছেন। নাম রকেট। কথা ছিল জুলাই মাসের গোড়ার দিকেই শুরু হবে ছবির কাজ। কিন্তু পদ্মপাতার জল ছবির প্রচারণার জন্য কলকাতার নির্মাতাদের কাছে কিছুটা সময় চেয়েছেন মিম। শুটিংয়ের নতুন তারিখ চূড়ান্ত করার জন্য ৩০ জুন কলকাতা গেছেন তিনি।
বললেন, ‘ছবির কাজ হবে হায়দরাবাদে। আশা করছি, ২০ জুলাই থেকে কাজটা শুরু হবে।’
পদ্মপাতার জল মিমের পঞ্চম ছবি আর ইমনের ২৭ নম্বর। ইমন বললেন, ‘আমরা এই ছবির শুটিং করেছি ৮৭ দিন। সাধারণত একটা ভালো ছবির জন্য সর্বোচ্চ ৪০ দিন কাজ হয়।’
মিম বললেন পদ্মপাতার জল ছবির লোকেশনের কথা, ‘আমরা শেষ কাজ করেছি বান্দরবানের পিক সিক্সটি নাইনে। হোটেল থেকে ওখানে যেতে সময় লাগত চার ঘণ্টা। চূড়ায় পৌঁছার পর যখন চারদিকের সৌন্দর্য দেখতাম, তখন সব ক্লান্তি দূর হয়ে যেত। অসাধারণ অনুভূতি হতো।’
ছবির আবহ সংগীত করেছে চিরকুট। ইমন বললেন, ‘ছবির গল্প, গান, অভিনয়, লোকেশন, ক্যামেরার কাজ আর আলাদা করে বলব চিরকুটের কাজ। সব মিলিয়ে হলে গিয়ে দর্শক খুব ভালো কিছু পাবেন।’
এই ছবিতে নাচের অনেকগুলো দৃশ্যে অভিনয় করেছেন মিম। বললেন, ‘আমি কখনো নাচ শিখিনি। কিন্তু এখানে শাস্ত্রীয় নাচ করেছি। নাচটির নির্দেশনা দিয়েছেন মুম্বাইয়ের হরিশ-প্রতাপ। তাঁরা আমাকে একটা একটা করে স্টেপ শিখিয়েছেন। পুরো কাজ শেষ করতে আমাদের তিন দিন লেগেছে।’
পদ্মপাতার জল ছবির পরিচালক তন্ময় তানসেন। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন লতিফুল ইসলাম শিবলী।
কলকাতা থেকে মিম ফেরার পরই আবার শুরু হবে প্রচারণা। এবার ইমন আর মিম যাবেন সিলেট, রাজশাহী, কুমিল্লা, ভোলা আর চট্টগ্রামে। প্রচারণা চলবে ঈদের পরও। তাঁদের মতে, ‘প্রচার-প্রচারণা যথেষ্ট কাজে লেগেছে। ছবি নিয়ে এখন কিন্তু দর্শকদের মাঝে বেশ ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে। আমরা এই সময়টাকে কাজে লাগাতে চাই। সবার কাছে আমাদের আহ্বান, সবাই আবার হলে এসে ছবি দেখুন।’