রাজ্জাক ও কবরীর সঙ্গে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৩’–এ উপস্থাপক হানিফ সংকেত (মাঝে) l ফাইল ছবি
রাজ্জাক ও কবরীর সঙ্গে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৩’–এ উপস্থাপক হানিফ সংকেত (মাঝে) l ফাইল ছবি

মেরিল–প্রথম আলো পুরস্কার

বহুমাত্রিক আয়োজনের আলোঝলমলে স্মৃতি

১৯৯৯ সালে যাত্রা শুরুর পর স্বচ্ছতা ও নিরপেক্ষতায় দেশের সবচেয়ে গ্রহণযোগ্য এই আয়োজনে সংগীত, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র শাখায় বছরের সেরা কাজের স্বীকৃতিস্বরূপ শিল্পীদের পুরস্কারে ভূষিত করা হয়।

১৯৯৯ সালে যাত্রা শুরুর পর প্রায় সিকি শতাব্দীর মাইলফলক স্পর্শ করতে চলল মেরিল-প্রথম আলো পুরস্কার। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে তারাঝলমলে এই বর্ণাঢ্য আয়োজনের ২৩তম আসর।

এই দীর্ঘ পথপরিক্রমায় মেরিল-প্রথম আলো পুরস্কার দেশের বিনোদনজগতের সবচেয়ে ধারাবাহিক আয়োজনে পরিণত হয়েছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতায় দেশের সবচেয়ে গ্রহণযোগ্য ও শিল্পীদের কাজের মূল্যায়নের নিরিখে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে সবার স্বীকৃতি লাভ করেছে এই পুরস্কার। বিনোদনজগতের তারকাদের অংশগ্রহণের বিবেচনায় মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান দেশের সবচেয়ে বড় আসর। আবার সংকটকালে মানবিক আবেদনে সাড়া দিতেও দেরি করেনি এই আয়োজন। ২০১৩ সালে রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনার পর এই অনুষ্ঠান থেকেই দুর্গত মানুষের জন্য বিশেষ তহবিল গঠন করা হয়েছিল।

বহুমাত্রিক কারণে মেরিল-প্রথম আলো পুরস্কারের প্রতি দেশের তারকা ও সাধারণ মানুষের মধ্যে গভীর ঔৎসুক্য লক্ষ করা যায়। সাধারণ মানুষ প্রিয় তারকা নির্বাচনের জরিপে অংশ নেন। আর চূড়ান্ত ফলাফল জানতে পুরস্কার অনুষ্ঠানের দিনটির জন্য কৌতূহল নিয়ে অপেক্ষায় থাকেন। কোভিড অতিমারির কারণে ২০২০ ও ২০২১ সাল—এই দুই বছর অনুষ্ঠান হয়নি।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর আবার জীবনযাত্রায় ফিরেছে কর্মস্পন্দন। প্রিয়জনের সান্নিধ্য লাভের হার্দিক উষ্ণতা যখন আবার বিকশিত করে তুলেছে সুকুমার অনুভূতিকে, তখন আয়োজিত হতে যাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কারের আনন্দঘন অনুষ্ঠান।

শুধু সংবাদপত্রের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে, প্রথম আলো শুরু থেকেই মানুষের সব সৃজন-মনন-সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে সহযোগীর ভূমিকায় অবদান রাখতে চেয়েছে। বিপদ–আপদ, সংকটকালে যত দূর সম্ভব যথাসাধ্য সহায়তা নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সচেষ্ট রয়েছে। তরুণ প্রজন্মকে তাদের শিক্ষা থেকে উদ্ভাবনী ও উদ্যোগী ভাবনা এবং কর্মে নানাভাবে প্রেরণা দিচ্ছে। প্রথম আলোর গত ২৩ বছরের পথপরিক্রমায় সাংবাদিকতার পাশাপাশি এসব বহুমুখী জনকল্যাণমূলক কাজ সমান গুরুত্বে পরিচালিত হচ্ছে। তাই, মেরিল-প্রথম আলো পুরস্কার কোনো বিচ্ছিন্ন আয়োজন নয়, এই বৈচিত্র্যময় কর্মপ্রয়াসেরই একটি উদ্যোগ।

সময়ের উজানে গিয়ে অতীতের দিকে তাকালে মেরিল-প্রথম আলো পুরস্কারের আলোকোজ্জ্বল মঞ্চকে ঘিরে কত আনন্দময় ঘটনার স্মৃতি, কত প্রিয়মুখের উপস্থিত, আবার কত চেনামুখের জীবনের মঞ্চ ছেড়ে যাওয়ার বেদনা ঘুরেফিরে আসে। জনপ্রিয় জুটি আফজাল হোসেন-সুবর্ণা মুস্তাফার সঞ্চালনায় ১৯৯৯ সালে প্রথম পর্দা উঠেছিল মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের। এর পর থেকে সৃজনশীল পরিকল্পনা, আকর্ষণীয় বিষয়বস্তু, উপস্থাপনার চমৎকারিত্বে এই অনুষ্ঠান ক্রমেই উৎকর্ষে উপভোগ্য হয়ে উঠেছে।

সঞ্চালনা

মেরিল-প্রথম আলোর পুরস্কারের দ্বিতীয় আসরেও সঞ্চালনা করেন আফজাল-সুবর্ণা জুটি। ‘ইত্যাদি’খ্যাত হানিফ সংকেত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকসহ অনেক জনপ্রিয় অভিনেতা–অভিনেত্রী এই অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। এমনকি জাদুশিল্পী জুয়েল আইচও মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দর্শকদের চমকিত করেছেন।

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানে চমৎকার নৃত্য পরিবেশনা নিয়ে মঞ্চে ওঠেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া। ছবি: প্রথম আলো

পুরস্কারের বাছাই প্রক্রিয়া

তারকা জরিপ ও সমালোচক পুরস্কার—এই দুটি বিভাগে বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবছর সেরা শিল্পীদের পুরস্কার দেওয়া হয়। তারকা জরিপ পর্বে পাঠকের ভোটে সেরা তারকা নির্বাচিত হন। আর একটি নিরপেক্ষ জুরি বোর্ডের যাচাই–বাছাইয়ের পর তাঁদের রায়ে দেওয়া হয় সমালোচনা পুরস্কার। নবীন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করতে সেরা নবগত বিভাগেও বিশেষ পুরস্কার দেওয়া হয়। গত ২২টি আয়োজনে প্রবীণ-নবীন অনেক প্রতিভাবানকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এ ছাড়া ২০০২ সাল থেকে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা।

সাধারণত সংগীত, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের বিভিন্ন শাখায় বছরসেরার স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার দেওয়া হয়।

সংগীত

প্রথম আসরেই সংগীতে পুরস্কার পেয়েছিলেন সাবিনা ইয়াসমীন। এরপর প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরসহ জনপ্রিয় অনেকেই পেয়েছেন এই পুরস্কার। সামিনা চৌধুরী, তপন চৌধুরী প্রমুখ।

নাটক

টেলিভিশন নাটকে তারকা জরিপে সেরা অভিনেতার একাধিক পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, বিপাশা হায়াত, শমী কায়সার প্রমুখ।

টিভি নাটকে সমালোচনা বিভাগে পুরস্কার দেওয়া শুরু হয় ২০০০ সাল থেকে। ওই বছরই সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পান মাসুম রেজা।

মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৫-এর জমকালো অনুষ্ঠান। মঞ্চে মনোমুগ্ধকর পরিবেশনা নৃত্যশিল্পীদের। ছবি: প্রথম আলো

চলচ্চিত্র

তারকা জরিপে চলচ্চিত্রে সর্বোচ্চ ১০ বার এই পুরস্কার পেয়েছেন অভিনেত্রী শাবনূর। তরুণ অভিনেতাদের টপকে ২০০৫ সালে মোল্লাবাড়ির বউ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন প্রয়াত এ টি এম শামসুজ্জামান।

চলচ্চিত্রে সমালোচনা বিভাগে পুরস্কার দেওয়া হয় ২০০৩ সাল থেকে। প্রথম বছর পুরস্কার পেয়েছিল সাইদুল আনাম টুটুলের আধিয়ার চলচ্চিত্রটি। আজ এই তালিকায় যুক্ত হবে নতুন কারও কারও নাম, নতুন কিছু চলচ্চিত্র। এভাবেই যুক্ত হতে থাকবে ভবিষ্যতেও।