‘এই ভিডিওটি না দেখলে আপনার জীবন শেষ!’ ইউটিউবে এই ধরনের শিরোনামের ভিডিও নিশ্চয়ই দেখেছেন। যে প্রত্যাশা নিয়ে ক্লিক করেন, দেখেন সে রকম কিছু নয়। হয়তো ভুলেই যান, ইউটিউবের ছাঁকনি রগরগে ভিডিও রাখে না। উসকানিমূলক শিরোনামগুলোর ওই ভিডিও তেমন মানসম্পন্ন কিছু নয়, বরং অস্বস্তিকর।
মানহীন ভিডিও নিয়ে আলাপ করলেও ইউটিউবে রয়েছে চমৎকার সব বিষয়। সেসব থেকে জানা যায়, শেখা যায়, পাওয়া যায় বিমল আনন্দ। এটি এখন বিনোদনের ব্যতিক্রম এক মাধ্যম, টেলিভিশনের এক বিকল্প পর্দা। অনেকের জন্য ইউটিউব তো রীতিমতো এক নেশা। মুরগি কাটা থেকে রন্ধন প্রণালি, অঙ্ক শেখা থেকে শুরু করে ঘরে বসে ভ্যাকুম ক্লিনার তৈরি, যেকোনো ধরনের শেখার জিনিসের টিউটোরিয়াল দেখে নেওয়া যায় এখানে। তবে ইউটিউবে সব থেকে বেশি যা পাওয়া যায়, তা হচ্ছে গান। গান যে এখন শুধু শোনার নয়, দেখারও—সেটা হাড়ে হাড়ে বুঝিয়েছে ইউটিউব। বিশ্বসংগীতে বর্ষসেরা গান নির্বাচনের ক্ষেত্রে নির্ভর করে গানটির ভিডিও কতটা আকর্ষণীয়।
পৃথিবীতে কত অদ্ভুত আর চমকপ্রদ কাণ্ডই না ঘটে। তার সবটা মানুষের জানা হয় না। এখন সেসব ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়। পথের পাশে জল-বিয়োগে দাঁড়ানো ছেলেগুলোকে পটকা ফুটিয়ে কীভাবে বেকায়দায় ফেলে দেয় দুষ্টু এক ছেলে, মৃত পাখির শোকে কান্না করা শিশুর সারল্য, সেরা সব ভাষণ, সরাসরি টিভি অনুষ্ঠানের মজার-হাস্যকর সব ঘটনার ক্লিপ দেখে নেওয়া যায় এই মাধ্যমে। প্রিন্ট, ইলেকট্রনিকসহ বিভিন্ন গণমাধ্যম নিজস্ব চ্যানেল থেকে প্রকাশ করছে তাদের নানা ভিডিও। সিনেমার ট্রেলার, টিজার ও গান শেয়ারের সব থেকে ভালো মাধ্যম এটি। এমনকি যে রেডিওকে জীবনভর মানুষ শুনেছে, ইউটিউবের মাধ্যমে এখন দেখতেও শুরু করেছে। বিষয়টি সব ক্ষেত্রে প্রীতিকর তা বলা যাচ্ছে না বটে। এমনকি কতিপয় তরুণ ‘রসাত্মক’ কনটেন্টের নামে নিজস্ব চ্যানেলে কুৎসিত সব ভিডিও প্রচার করে বাহবা কুড়োচ্ছেন। টেলিভিশনে ফসকে যাওয়া অনুষ্ঠানের আকর্ষণীয় অংশটুকুও পাওয়া যায় ইউটিউবে। ভাইরাল হয়ে যায় ঘরে তৈরি করা স্কুলগামী কিশোরীর বিদেশি গানের নাচ।
তবে ইউটিউব মানেই গানের সাইট। এখানে সব থেকে বড় সংগ্রহ গানের। হেন গান নেই যা, এখানে শোনা যায় না। প্রায় সব দেশের, সব ভাষার সেরা গানগুলো মিলবে এই মাধ্যমে। ইন্টারনেটযুক্ত কম্পিউটার বা স্মার্টফোন আর হেডফোন কানে পরলেই সংগীতপ্রেমীরা গানের সমুদ্রে হারিয়ে যেতে বাধ্য। সেসব গান হাজার, লাখ, কোটিবারও দেখা ও শোনা হচ্ছে পৃথিবীর নানা প্রান্ত থেকে।