দেশে ভারতীয় চলচ্চিত্র আনার অনুমতি দেয়নি সরকার। এর বদলে দেশের চলচ্চিত্রশিল্পকে আরও সমৃদ্ধ করার দিকেই গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাই এ মুহূর্তে ভারতীয় কোনো চলচ্চিত্র দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের প্রেক্ষাগৃহের মালিকেরা। গত বৃহস্পতিবার তথ্যসচিব ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘চলচ্চিত্র প্রদর্শকেরা ভারতীয় চলচ্চিত্র এ দেশে আনার অনুমতি চেয়ে আবেদন করেছেন। কিন্তু এ বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত দেয়নি তথ্য মন্ত্রণালয়।’তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা গেছে, এ মুহূর্তে ভারতীয় চলচ্চিত্র দেশে আনার অনুমতি দিলে দেশীয় চলচ্চিত্রশিল্প ধ্বংস হতে পারে এবং এ বিষয় নিয়ে রাজনৈতিকভাবে সরকার সমালোচিত হতে পারে—এসব কারণেই সরকার দেশে ভারতীয় চলচ্চিত্র আমদানি ও প্রদর্শনের আবেদন নাকচ করে দিয়েছে।