
ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর এবার ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের সাফল্যের মুকুটে যুক্ত হল আরেকটি পালক। সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় ১০০ ধনী ব্যক্তির তালিকায় নাম লিখিয়েছেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক। তাঁর ধন-সম্পত্তির আর্থিক মূল্যমান ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।
অভিনয়ের পারিশ্রমিক ও চলচ্চিত্র প্রযোজনা থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স দলের মালিক হিসেবেও পকেট ভারী করেছেন শাহরুখ। তাঁর চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টও তাঁকে প্রচুর অর্থ এনে দিয়েছে। সবমিলিয়ে ৪০০ মিলিয়ন ডলারের মালিক বনে গেছেন ৪৭ বছর বয়সী এ তারকা। এর মধ্য দিয়ে ভারতের শীর্ষস্থানীয় ১০০ ধনী ব্যক্তির তালিকায় ঠাঁই পেয়েছে শাহরুখের নাম। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
সম্প্রতি ভারতের ধনাঢ্য ১০০ ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেছে চায়নাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরান রিসার্চ ইনস্টিটিউট। এ বছর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর ব্যক্তিগত সম্পদের আর্থিক মূল্যমান ১৮.৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থান দখল করেছেন মিত্তাল গ্রুপের কর্ণধার এল.এন. মিত্তাল। ১৫.৯ বিলিয়ন ডলারের মালিক তিনি।
এ বছর ভারতের শীর্ষস্থানীয় ১০০ ধনী ব্যক্তির মোট সম্পদের আর্থিক মূল্যমান গিয়ে ঠেকেছে আড়াই’শ বিলিয়ন ডলারে। গত বছর তা ছিল ২২১ বিলিয়ন ডলার। এ ছাড়া ১৪১ জন ব্যক্তি ৩০০ মিলিয়ন ডলারের মালিক হয়েছেন এ বছর। গত বছর এই সংখ্যাটি ছিল ১০১ জন।