যুক্তরাষ্ট্রে বাঙালিদের ‘আনন্দ উৎসব’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাঙালিদের নিয়ে ‘কেকেএন আনন্দ উৎসব’ শেষ হচ্ছে আজ সোমবার। লস অ্যাঞ্জেলেসের প্যাসাডেনার কনভেনশন সেন্টারে আয়োজিত তিন দিনের এ উৎসব আয়োজন করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী। সহযোগিতা করছে কেকেএন শিল্পগোষ্ঠী। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারত আর বাংলাদেশের প্রখ্যাত শিল্পীসহ বিশিষ্টজনেরা।উৎসবে থাকছে সংগীতানুষ্ঠান, নাটক, নানা পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা। মিলবে বাঙালিদের নানা স্বাদের খাবার। আয়োজক সূত্রে জানা গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, জেমস, হাবিব ও এলআরবি। আর ভারত থেকে ওস্তাদ আমজাদ আলী খান এবং তাঁর দুই ছেলে আমান আলী খান ও আয়ান আলী খান, শর্মিলা ঠাকুর, সোয়া আলী খান, হরিহরণ, অঞ্জন দত্ত, সুনীধি চৌহান, ঊষা উত্থুপ, অনুসূয়া মজুমদার ও উমা শরাফ।