বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে এখন থেকে প্রতিবছর দেশের ৬৪টি জেলায় শিল্পীদের সম্মাননা পদক দেওয়া হবে।গত বৃহস্পতিবার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীর সভাকক্ষে একাডেমীর নির্বাহী পরিষদের বিশেষ সভায় এ বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ ছাড়া সভায় জেলা শিল্পকলা একাডেমীর কমিটি গঠনের প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী জানান, এখন থেকে প্রতিবছর সব জেলায় জেলা শিল্পকলা-সংশ্লিষ্ট পাঁচজন শিল্পীকে সম্মাননা দেওয়া হবে।বিভিন্ন জটিলতার কারণে ২০০৪ সাল থেকে জেলা শিল্পকলা একাডেমীর কমিটি গঠন বন্ধ ছিল। গত বৃহস্পতিবার নির্বাহী পরিষদের এ সভায় সিদ্ধান্ত হয়েছে, এ বছরই প্রতিটি জেলা শিল্পকলা একাডেমীতে নতুন কমিটি গঠন করা হবে।