সংস্কৃতি সংবাদ

শুরু হচ্ছে একক অভিনয় উৎসব

বটতলা রঙ্গমেলায় গতকাল মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পরিবেশিত হয় প্রাঙ্গণেমোরের নাটক কনডেমড সেল l ছবি: প্রথম আলো
বটতলা রঙ্গমেলায় গতকাল মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পরিবেশিত হয় প্রাঙ্গণেমোরের নাটক কনডেমড সেল l ছবি: প্রথম আলো

হেমন্ত চলে যাচ্ছে। শীত পুরোদমে না নামলেও রাজধানীর নাট্যাঙ্গন ঠিকই জমে উঠেছে। নাটকের চলমান দুটি উৎসবের মধ্যেই গতকাল ঘোষণা এল আরও একটি উৎসবের। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘দ্বিতীয় একক অভিনয় উৎসব’।

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে ৮ থেকে ১৫ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে এই উৎসব চলবে। উৎসবে বাংলাদেশসহ চার দেশের ১১টি নাটক মঞ্চস্থ হবে।

গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। উৎসবের বিস্তারিত তুলে ধরেন আইটিআই বিশ্ব কেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার এবং বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।

সংবাদ সম্মেলনে বলা হয়, শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শুরুতে থাকবে পালাগান। একই সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনা বীরাঙ্গনার বয়ান

৯ ডিসেম্বর থাকবে ধ্রুপদি অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন স্কুলের নভেরা ও স্বপ্নদলের হেলেন কেলার। ১০ ডিসেম্বর চীনের গুয়াংজো গাঁওজিয়া অপেরা ট্রুপ মঞ্চস্থ করবে দ্য গভর্নমেন্ট ইন্সপেক্টর। থাকবে সাধনার প্রযোজনা সীতার অগ্নিপরীক্ষা। ১১ ডিসেম্বর হবে ভিয়েতনামের লে নক থিয়েটারের প্রযোজনা দ্য মিস্ট্রেস অব দ্য ইন। ১২ ডিসেম্বর কলকাতার আমতা পরিচয় মঞ্চস্থ করবে এলাদিদি। ১৩ ডিসেম্বর থাকবে পদাতিক নাট্য সংসদের (টিএসসি) গহনযাত্রা। ১৪ ডিসেম্বর ভারতের উইংস থিয়েটার মঞ্চস্থ করবে হেলেন। ১৫ ডিসেম্বর উৎসবের সমাপনী সন্ধ্যায় থাকবে ঢাকা থিয়েটারের পঞ্চনারী আখ্যান

আজ রঙ্গমেলায় ‘কারবালার জারি’

আজ নাটকের দল বটতলা আয়োজিত রঙ্গমেলার সপ্তম দিন। সন্ধ্যা সাতটায় মহিলা সমিতি মিলনায়তনে থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক কারবালার জারি।

গতকাল সন্ধ্যায় পরিবেশিত হলো প্রাঙ্গণেমোর-এর নাটক কনডেমড সেল। নাটকটির নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা, লিখেছেন অনন্ত হীরা। নাটক শেষে প্রাঙ্গণেমোর প্রতিনিধির হাতে বটতলার পক্ষ থেকে পদক দেন কথাসাহিত্যিক আনিসুল হক। নাটক শুরুর আগে বটতলা সম্মাননা দেওয়া হয় ময়মনসিংহের নাট্যজন জ্যোত্স্না চক্রবর্তীকে। পদক তুলে দেন নাট্যজন লাকী ইনাম।

লাল সবুজের উৎসবে ‘প্রস্তুত বাঙালি’

১ ডিসেম্বর থেকে ম্যাক্স গ্রুপ আয়োজন করেছে ‘বিজয়ের ৪৫ বছর: লাল সবুজের মহোৎসব’। ১৬ দিনব্যাপী এই আয়োজনে আজ থাকছে নৃত্যদল নৃত্যাঞ্চলের পরিবেশনা ‘প্রস্তুত বাঙালি’।

রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

সুন্দরী নাট্যমেলার আজ সমাপনী

প্রায় ৩০০ বছর আগের কাহিনি ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’। এই উপাখ্যানকে অবলম্বন করে নাট্যকার এস এম সোলায়মান রচনা করেছিলেন আমিনা সুন্দরী। নাট্যতীর্থের আয়োজনে শিল্পকলা একাডেমিতে চলমান ‘সুন্দরী নাট্যমেলা’র পঞ্চম দিনে মঞ্চস্থ হয়েছে থিয়েটার আর্ট ইউনিটের এ নাটক। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবি। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ নাট্যোৎসবের আজ বুধবার শেষ দিন। শেষ দিনে ময়মনসিংহের অন্বেষা থিয়েটার মঞ্চস্থ করবে ভানু সুন্দরী। সন্ধ্যা ৭টায় শুরু হবে প্রদর্শনী।