সকালে শরৎ উৎসব

গত বছরের শরৎ উৎসবের দৃশ্য (ফাইল ছবি)
গত বছরের শরৎ উৎসবের দৃশ্য (ফাইল ছবি)

প্রতি বছরের মতো এবারও উদ্‌যাপিত হবে শরৎ​ উৎ​সব। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কাল শুক্রবার সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সারেঙ্গি বাজিয়ে শুরু হবে এ উৎসব। দুই পর্বে সারা দিন চলবে এ উৎ​সব। 

সকালের উদ্বোধনীতে শরৎকথন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যজন রামেন্দু মজুমদার প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী জানান, শরৎ​ উৎসবের সকালের পর্বে একক গান শোনাবেন শিল্পী আবু বকর সিদ্দিক, প্রিয়াঙ্কা গোপ, মহাদেব ঘোষ, বিজন চন্দ্র মিস্ত্রি, বিমান চন্দ্র বিশ্বাস ও সুমা রানী রায়। দলীয় নৃত্য পরিবেশন করবেন নৃত্যজন, নৃত্যম, নটরাজ, স্পন্দন ও নৃত্য কেন্দ্র। একক আবৃত্তি পরিবেশন করবেন রফিকুল ইসলাম, মাশকুর এ সাত্তার ও নায়লা তারাননুম চৌধুরী। দলীয় সংগীত পরিবেশন করবে সুরসপ্তক, বহ্নিশিখা, ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমি, আনন্দন, পঞ্চভাস্কর ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
কাল সকাল ৭টা থেকে সাড়ে ৯টা ও বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।