সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রের শুটিংয়ের জায়গাগুলোতে এবার পর্যটনকেন্দ্র তৈরি করছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পর্যটকেরা যাতে ছবির জন্য সত্যজিৎ রায়ের বেছে নেওয়া ঐতিহাসিক জায়গাগুলো দেখতে পারে, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এই ‘ট্যুরিজম সার্কিট’ তৈরির কথা বললেন রাজ্যের পর্যটনমন্ত্রী মানব মুখোপাধ্যায়। পর্যটনমন্ত্রী আরও বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দার্জিলিংয়ের মংপু ও কালিম্পংয়ে যেসব বাড়িতে থেকেছেন কিংবা অবকাশ যাপন করেছেন, সেসব বাড়িকে সংস্কার করে পর্যটকদের জন্য সংরক্ষণ করা হবে।