
গতকাল ১২ জানুয়ারি ছিল মাস্টারদা সূর্য সেনের হত্যা দিবস। তাঁকে স্মরণ করে অনুষ্ঠান করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
সন্ধ্যায় উদীচী ঢাকা মহানগর সংসদের গবেষণা, গ্রন্থাগার ও পাঠচক্র বিভাগ আয়োজন করে এই স্মরণসভা। সংসদের সহসভাপতি অধ্যাপক এ এন রাশেদার সভাপতিত্বে অনুষ্ঠানে মাস্টারদা সূর্য সেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রফিকুল হাসান, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন ও উদীচী সংগঠক এম এ আজিজ মিয়া প্রমুখ। এ ছাড়া সূর্য সেনের জীবনী পাঠ করেন সংসদের সহসভাপতি একরাম হোসেন।
ইকবালুল হক খানের সঞ্চালনায় স্মরণসভায় আলোচনার পাশাপাশি ছিল গান ও আবৃত্তি পরিবেশনা।