সদ্যপ্রয়াত শিল্পগুরু এবং ছাপচিত্রের পথিকৃৎ সফিউদ্দীন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ২৫ জন বিশিষ্ট শিল্পীর ছাপচিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে।বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিককেন্দ্র গুলশান-১-এর বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘১/২৫’ শীর্ষক ১৭ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং মিউজিয়াম অব সাও পাওলোর কিউরেটোরিয়াল বোর্ডের সদস্য ফাওস্তো গডয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেবেন সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওর পরিচালক অধ্যাপক মাহমুদুল হক।প্রদর্শনীতে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ছাপচিত্র এবং সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওতে শিল্পী কাইয়ুম চৌধুরী, যোগেন চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, শুভাপ্রসন্ন, শহীদ কবির, ফরিদা জামান, রণজিৎ দাস, আনিসুজ্জামানসহ ২৫ জন শিল্পীর প্রায় ৩০টি তৈরি ছাপচিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনী আগামী ৭ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।