সুজেয় শ্যাম, ফকির আলমগীর, রফিকুল আলম, অনুপ ভট্টাচার্য, রুপা খুররম, মালা খান, উমা খান, তিমির নন্দী, বুলবুল মহলানবিশ ও কল্যাণী ঘোষ। এরা সবাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী। একাত্তরের মুক্তিযুদ্ধে কণ্ঠযোদ্ধা তাঁরা। একাত্তরের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম গান হিসেবে ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গেয়েছিলেন গানটি। এরপর গত ৪০ বছরে বিভিন্ন অনুষ্ঠানে বিচ্ছিন্নভাবে গান করলেও এই ১০ শিল্পী একসঙ্গে একই মঞ্চে গানটি পরিবেশন করেননি। সম্প্রতি যমুনা রিসোর্টে আয়োজিত ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে আবার তাঁরা সবাই এক হলেন। স্বাধীনতার ৪০ বছর পর একসঙ্গে এক মঞ্চে গান করলেন তাঁরা। তাও আবার স্বধীন বাংলা বেতার কেন্দ্রের সেই গানটি। গাইলেনও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই দশজন শিল্পী। বিষয়টি নিয়ে তাঁরাও সবাই বেশ আনন্দিত। উপস্থিত হাজার হাজার দর্শক-শ্রোতারাও বিষয়টি দার’ণ উপভোগ করেন সবাই। সুজেয় শ্যাম বলেন, ‘ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যখন জানতে পারলাম এখন থেকে আমরা স্বাধীন, তখনই প্রথম বেতারে গানটি বাজানো হয়। শহিদুল ইসলামের লেখা গানটির সুর করেছিলাম আমি নিজে। সেই অনুভূতির কথা ভুলার মত নয়। প্রয়াত অজিত রায়ের সঙ্গে গানটিতে আমরা অনেকে কোরাসে অংশ নিয়েছিলাম। এবার গাইতে গিয়ে গানটি তৈরির সময়কার নানা কথা মনে পড়ছিল। এমন আয়োজনের জন্য সিটিসেল ও চ্যানেল আইকে ধন্যবাদ।