
অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবির প্রচারণা ও মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করল আদালত। ছবির নায়ক বাপ্পীর মামলার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দিয়েছে আদালত। ছবির শব্দ সংযোজনের (ডাবিং) ক্ষেত্রে চুক্তি অমান্য হওয়ায় গত ১৪ নভেম্বর জজ কোর্টে মামলা দায়ের করেন এ ছবির নায়ক বাপ্পী। মামলায় আসামি করা হয় ছবির পরিচালক অনন্য মামুন, প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কে।
বাপ্পীর আইনজীবী ওমর ফারুক বলেন, ‘আগামী ১২ জানুয়ারি ২০১৭ তে আদালত শুনানির দিন নির্ধারণ করেছেন। এর আগ পর্যন্ত ছবিটির প্রচারণা ও মুক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।’
এ ব্যাপারে জানতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস এর পরিচালক তামজীদ উল আলম শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে যাব। তবে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো কিছু আমরা এখনো হাতে পাইনি। আগামী ডিসেম্বরেই আমরা চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করেছি।’
ছবিটির পরিচালক আছেন ভারতে। ফিরে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রযোজনা প্রতিষ্ঠান। দু-এক দিনের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
বাপ্পী বলেন, ‘আমি যখন “আমি তোমার হতে চাই” ছবিটির চুক্তি করি, কথা ছিল আমার ডাবিং আমি করব। সেটা না করে আমার কাজটি আরেকজনকে দিয়ে করানো হয়েছে। পরিচালকসহ সংশ্লিষ্ট সবাই চুক্তিভঙ্গ করেছেন, যা একজন শিল্পী হিসেবে মেনে নিতে পারিনি। এ কারণেই আইনের আশ্রয় নিয়েছি।’
উল্লেখ্য, ছবিটির শুটিং, ডাবিং অন্যান্য কাজ এরই মধ্যে শেষ। ছবিতে বাপ্পীর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।