‘আমি ভালো আছি’

‘আমি ভালো আছি। নিয়মিত শুটিং করছি।’ বললেন শাকিব খান। গতকাল বুধবার একটি জাতীয় দৈনিকে ‘মঙ্গলবার কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন শাকিব ও অপু’ শিরোনামের একটি খবর প্রকাশিত হয়। এই খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাকিব মুঠোফোনে বলেন, ‘গতকাল অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। কুশল জানতে চেয়েছেন। আমার ভক্ত ও দর্শকদের আশ্বস্ত করতে চাই যে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ওই দিন আমি ছিলাম সাভারে। একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের প্রচারণা চালাচ্ছে। আমি এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের খবরে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।’তিনি জানান, নাটোরে সোহেল আরমানের এই তো প্রেম ছবির কাজ শেষ করে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। এর পর থেকে ফিরে এফডিসি ও সাভারের গলফ ক্লাবে শুটিং করছেন তিনি।