‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক উৎসব’

গতকাল শনিবার শেষ হলো দুদিনব্যাপী ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক উৎসব’। বিচিত্র ভাষা, ছন্দময় গান আর বর্ণিল পোশাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত এ সাংস্কৃতিক উৎসব হয়ে ওঠে পাহাড়-সমতলের মিলনমেলা।পার্বত্য চট্টগ্রামের ১১টি জাতিসত্তাসহ সমতলের বেশ কয়েকটি জাতিসত্তার সাংস্কৃতিক কর্মকাণ্ড ও তাদের কারুশিল্পের বৈচিত্র্যময় সম্ভার নিয়ে আয়োজন করা হয়েছিল এ উৎসবে।গতকাল শনিবার সমাপনী দিনে খাগড়াছড়ির চাকমা, ত্রিপুরা, মারমা; রাঙামাটির তঞ্চঙ্গ্যা; ময়মনসিংহের গারো; জয়পুরহাটের মালো, মাহাতো; সিরাজগঞ্জের ওঁরাও; নওগাঁর মুন্ডা এবং দিনাজপুরের মুশহরদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশিত হয়। শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী রীতির নৃত্য ও সংগীত পরিবেশন করেন।