'চাকা'র সময় বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রযোজনা সেলিম আল দীনের চাকা নাটকের প্রদর্শনীর সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে আজ ও আগামীকাল সন্ধ্যা সাতটায় এই দুটি প্রদর্শনী হবে। চাকার নির্দেশনা, মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন সুদীপ চক্রবর্তী। তিনি জানান, দর্শকদের আগ্রহের কারণে প্রদর্শনীর সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।
সুদীপ আরও জানান, আজ তাঁর নির্দেশিত নাটক লালজমিন ও মহাজনের নাও মঞ্চস্থ হবে কলকাতার দুটি উৎসবে। আজ সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পূর্ব-পশ্চিম নাট্যোৎসবে মঞ্চস্থ হবে শূন্যন প্রযোজিত, মান্নান হীরার রচনা ও মোমেনা চৌধুরীর একক অভিনীত নাটক লালজমিন। আর কোচবিহারে গঙ্গা-যমুনা নাট্যোৎসব উপলক্ষে মঞ্চস্থ হবে সুবচনের নাটক মহাজনের নাও।