‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ দেখানো হবে কলকাতায়

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জম্মবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে কলকাতায় আজ বাংলাদেশে রবীন্দ্রনাথ তথ্যচিত্রটি দেখানো হবে। এই প্রদর্শনীর আয়োজন করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন। প্রদর্শনী উপলক্ষে তথ্যচিত্রটির পরিচালক ও রবীন্দ্রসংগীতশিল্পী চঞ্চল খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কলকাতায় যাওয়ার আগে তিনি জানান, আজ শনিবার সন্ধ্যায় রোটারি সদনে বাংলাদেশে রবীন্দ্রনাথ তথ্যচিত্রটির প্রদর্শনী হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। হবে গানের অনুষ্ঠানও। এখানে গান করবেন চঞ্চল খান ও প্রবুদ্ধ রাহা।