
চলচ্চিত্রের অবস্থা ভীতিকর। এখন এমন এক অস্থিরতা চলছে, ১৬ বছরের ক্যারিয়ারে এমনটা কখনো দেখেননি শাকিব খান। তিনি মনে করেন, এমন অবস্থায় একটা ভালো সিনেমা বানাতে প্রযোজককে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এ অবস্থায় সিনেমা বানাতে আসাকে ‘বিপদ’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিপদের আরেক নাম চলচ্চিত্র নির্মাণ।’
গতকাল বুধবার রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বসে শাকিবের নতুন সিনেমা ‘শাহেনশাহ’র মহরত। সেখানে তিনি বলেন, ‘এমন অস্থির ও ভীতিকর অবস্থায় ছবি বানানো মানে, নিশ্চিত বিপদে পড়তে যাচ্ছি।’ এ অবস্থায় ছবি বানানোর সাহস দেখানোর জন্য শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানকে ধন্যবাদ জানান তিনি।
কীসের বিপদ? শাকিব বলেন, ‘এখন কেউ ছবি বানাতে গেলে ক্ষমতাবানদের দিয়ে শুটিং বন্ধ করে দেওয়া হয়। কোনো রকম শুটিং শেষ হলে সেন্সরের প্রতিটি পদে পদে বাধা দেওয়া হয়। সিনেমাটা আটকে দেওয়ার জন্য সেন্সর বোর্ডের কাছে এক শটি টেলিফোন যায়। একটা ছবিকে দর্শক পর্যন্ত পৌঁছে দিতে এখন একজন প্রযোজককে কত কষ্ট যে করতে হয়, সেটা বলে বোঝানো সম্ভব না। আইনি জটিলতাসহ, ভয়ংকর সব দুরবস্থার পরও সাহস নিয়ে সিনেমা বানাচ্ছে শাপলা মিডিয়া। কিছুদিন আগে একটা মহরত হলো, এখন একটা হচ্ছে, সামনে আরও হবে।’
‘শাহেনশাহ’ ছবির মহরতের দিনটিকে শুভক্ষণ উল্লেখ করে একটি ব্যক্তিগত ঘোষণা দেন শাকিব খান। তিনি বলেন, ‘শুভক্ষণে আপনাদের সামনে একটি ব্যক্তিগত ঘোষণা দিতে চাই। আমার বিয়ের ঘোষণা নয়। “শিকারি’, “নবাব”, “চালবাজ” ছবিগুলোতে আপনারা আমার পরিবর্তন দেখেছেন। আমার ভক্তরাও চান, প্রতিনিয়ত আমাকে নতুনরূপে দেখতে। বহুদিন ধরে আমিও সেটা চাইছিলাম। ভক্তরা তাঁদের হিরোকে ইন্টারন্যাশনাল সুপারস্টারদের মতো দেখতে চান। তাঁরা চান শাকিব খান ‘সেই লেবেলের’ লুক নিয়ে তাঁদের মাঝে হাজির হোক। আমার ভক্ত-অনুসারীদের কথা দিচ্ছি, তারা যেমনটি দেখতে চান, ভবিষ্যতে ঠিক সেভাবেই নতুন এক শাকিব খান হয়ে উপস্থিত হব, ইনশা আল্লাহ। শিগগিরই আমি নতুন এক শাকিবকে হাজির করব, যাকে দেখে আমার ভক্তরা সত্যিই গর্বিত হবেন।’
শুধু শারীরিক ফিটনেস নয়, অতীতের সব মন্দ বিষয়গুলো পাশ কাটিয়ে আইকনিক শাকিব খানকে উপস্থাপন করার প্রত্যয় ব্যক্ত করেন শাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী শুক্রবার জুমার নামাজ পড়ার পর থেকেই এক নতুন শাকিবের পথচলা শুরু হবে।
‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। ছবির মহরতে উপস্থিত ছিলেন ‘শাহেনশাহ’ ছবির প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান, পরিচালক শামীম আহমেদ প্রমুখ।