
নতুন মুক্তি পাওয়া সিনেমা সেভাবে সাড়া ফেলতে পারেনি; তবে বিনোদন অঙ্গনে বেশ কিছু ঘটনা মাসজুড়েই ছিল আলোচনায়।
বুবলীর মা হওয়া
কয়েক মাস বিনোদন অঙ্গনের কোনো আড্ডায় তাঁকে পাওয়া যায়নি। সব ধরনের শুটিং থেকেও নিজেকে গুটিয়ে নেন। ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল—আবার মা হতে চলেছেন শবনম বুবলী। তবে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন এই ঢালিউড তারকা। দীর্ঘদিন চুপচাপ থাকার পর গত ৫ জুন এক ফেসবুক পোস্টে তিনি জানান, গত মে মাসে মা হয়েছেন তিনি। শাকিব খানকে ট্যাগ করে দ্বিতীয় সন্তানের মা হওয়ার এই খবর ফটোকার্ড আকারে শেয়ার করেন বুবলী।
বিশ্বকাপের মঞ্চে সঞ্জয়
কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিমের সঙ্গে একই মঞ্চে ফিফার অফিশিয়াল গান ‘সির সির’ পরিবেশন করেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। তার পরনের জ্যাকেটটির ডান হাতাজুড়ে সূক্ষ্ম এমব্রয়ডারিতে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের তিন শক্তিশালী প্রতীক—বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজ পতাকা। পারফরম্যান্স চলাকালে বারবার নিজের হাতার দিকে ইঙ্গিত করে বিশ্বদর্শকের নজর টেনে নিয়েছেন তিনি।
তিন সিনেমা–সিরিজ
জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ কিছুটা আলোচনা তৈরি করে। এ ছাড়া মাসজুড়ে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোও চলেছে; তবে সেভাবে দর্শক টানতে পারেনি।
মাসের শেষের দিকে ওটিটিতে এসেছে দুই সিনেমা ও সিরিজ। চরকির সিনেমা ‘লাইফলাইন’ ও হইচইয়ের সিরিজ ‘হেডলাইন’ নিয়ে মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছে।
বাপ্পা আছেন, বাপ্পা নেই
চিত্রনায়ক বাপ্পারাজ গত মে মাসে হঠাৎ ঘোষণা দেন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অংশ নেবেন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি। পরে বাপ্পারাজ ঘোষণা দেন—নির্বাচন থেকে সরে যাচ্ছেন। এরপর গত ২২ জুন এফডিসিতে হাজির হয়ে চমকে দেন। পরে জানা যায়, নিজের জন্য নয়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। নির্বাচনে থাকা না–থাকা নিয়ে মাসজুড়েই আলোচনায় ছিলেন তিনি।