
২৬ এপ্রিল প্রকাশের পর থেকেই আলোচনায় মেরিল-প্রথম আলো পুরস্কারের ‘গ্ল্যাম-মুভ’। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়া ছোট ছোট ভিডিওগুলো আগ্রহ নিয়ে দেখছেন নেটিজনরা, জানাচ্ছেন প্রতিক্রিয়া। বিশেষ করে তারকাদের উপস্থিতি, পোশাক ও উপস্থাপন নিয়ে জমে উঠেছে আলাপ–আলোচনা।
বিশ্বের বড় বড় আয়োজন, যেমন অস্কার, মেট গালা, প্যারিস ও লন্ডন ফ্যাশন উইক কিংবা কান চলচ্চিত্র উৎসবে তারকাদের উপস্থিতিকে নান্দনিকভাবে তুলে ধরার নানা আয়োজন থাকে। তারই একটি সাম্প্রতিক ধারা গ্ল্যাম-মুভ। লালগালিচায় গতানুগতিক হাঁটার গণ্ডি ছাড়িয়ে এখানে তারকারা নিজেদের উপস্থিতিকে আরও পরিকল্পিত ও নান্দনিকভাবে তুলে ধরেন, যা দর্শকদের জন্য তৈরি করে আলাদা এক দৃশ্য-আনন্দ। এখন এটি আর শুধু নিছকই একটি ভিডিও নয়; বরং তারকাদের উপস্থিতিকে আধুনিকভাবে উপস্থাপনের কার্যকর একটি মাধ্যম। সেই ধারাবাহিকতাতেই ২০২১ সালে মেরিল-প্রথম আলো পুরস্কারেও যুক্ত হয় গ্ল্যাম-মুভ।
আয়োজকেরা জানান, কয়েক বছরেই দর্শকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে এই উদ্যোগ। লালগালিচার প্রচলিত আয়োজনগুলোর বাইরে গিয়ে তারকাদের উপস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপনের এই উদ্যোগে প্রতিবছরই বাড়ছে অংশগ্রহণ ও আগ্রহ। অগ্রজ থেকে অনুজ—সব প্রজন্মের তারকার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গ্ল্যাম-মুভ পেয়েছে নতুন মাত্রা।
গ্ল্যাম-মুভকে ঘিরে তারকাদের প্রস্তুতিতেও এসেছে দৃশ্যমান পরিবর্তন। পোশাক নির্বাচন, স্টাইলিং ও উপস্থাপনায় তাঁরা রাখছেন বাড়তি মনোযোগ। অনেকেই এই অংশের কথা মাথায় রেখে পোশাক নকশা করান। সব মিলিয়ে গ্ল্যাম-মুভ হয়ে উঠেছে তারকাদের ব্যক্তিত্ব ও স্টাইল প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
২০২৬ সালের গ্ল্যাম-মুভ টিমপরিচালনা: কনক খন্দকারধারণা: মালিক মোহাম্মদ সাঈদপ্রকল্প প্রধান: জাবেদ সুলতানচিত্রগ্রহণ: কাওসার হামিদসম্পাদনা: জোনায়েদ হোসেনইভেন্ট সমন্বয়: শাহপরান তুষারশিল্পী ব্যবস্থাপনা: নাদিয়া ইসলাম
মেরিল-প্রথম আলো পুরস্কারের এই উদ্যোগের সঙ্গে শুরু থেকেই যুক্ত আছেন কনক খন্দকার। তিনি বলেন, ‘একসঙ্গে এত তারকাকে পরিকল্পিতভাবে ফ্রেমবন্দী করা সহজ কাজ নয়। প্রত্যেকের সময়, প্রস্তুতি ও উপস্থিতি মিলিয়ে কাজটি করতে হয়। তবে সবার আগ্রহ ও সহযোগিতার কারণেই এটি সম্ভব হয়।’ তিনি আরও বলেন, ‘প্রতিবছরই নতুন কিছু করার চেষ্টা থাকে। এবার সময় কম ছিল, অংশগ্রহণকারী তারকার সংখ্যাও বেশি। তবু সবার সহযোগিতায় কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছে।’
দর্শক আগ্রহ, তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অনলাইনে ব্যাপক সাড়া—সব মিলিয়ে মেরিল-প্রথম আলো পুরস্কারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এখন গ্ল্যাম-মুভ।