‘কাজলরেখা’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী
‘কাজলরেখা’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী

রাজ ও মন্দিরার দেখা শিগগির মিলছে না

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম কয়েক দিন আগে শেষ করেছেন নতুন ছবি ‘কাজলরেখা’র যাবতীয় কাজ। শরীফুল রাজ ও মন্দিরা অভিনীত ছবির বাকি ছিল শুধু মুক্তির অনুমতিপত্র। তার আগে বেশ জোরেশোরে প্রচারণা শুরু করেন ছবির সংশ্লিষ্টরা।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট মাঠ থেকে প্রচারণার শুরু হয়। ফেসবুকে এই ছবির বেশ কয়েকটি স্থিরচিত্র নজরও কাড়ে। ছবির নায়িকা প্রচারণার জন্য ছুটে আসেন যুক্তরাষ্ট্র থেকে। তখন জানা যায়, ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তির সম্ভাবনা আছে। তবে ফেব্রুয়ারি শুরুর ঠিক আগমুহূর্তে জানা গেল, এখনো ছবিটির মুক্তির অনুমতিপত্রের জন্য জমাই পড়েনি।

কলকাতার ইডেন গার্ডেন গ্যালারিতে ‘কাজলরেখা’ ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, নায়িকা মন্দিরা চক্রবর্তী ও নায়ক শরীফুল রাজ।

আগামী রোববার সেন্সর বোর্ডে জমা পড়বে ছবিটি, এমনটাই জানালেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। তাই এত শিগগিরই প্রেক্ষাগৃহে দেখা মিলবে না রাজ ও মন্দিরাকে।

নাট্য পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের বড় পর্দায় প্রথম নির্মাণ ছিল ‘মনপুরা’। ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সে ছবিটি সাড়া ফেলে। ছবির গানও শ্রোতাদের মুখে মুখে ফেরে। এই পরিচালক তার পরপরই ঘোষণা দেন ‘কাজলরেখা’ ছবির। বড় আয়োজনে ছবিটি বানানোর ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে ছবিটির শুটিং শুরু করতে লেগে যায় ২০২২ সালের এপ্রিল। পুরো বছর লেগে যায় ছবিটির শুটিং শেষ করতে। তার আগে অবশ্য এই পরিচালক ‘স্বপ্নজাল’, ‘পাপ পুণ্য’ ও ‘গুণীন’–এর মতো তিনটি চলচ্চিত্র বানিয়ে ফেলেন।

মিথিলা ও মন্দিরা—‘কাজলরেখা’ ছবিতে এভাবেই দেখা যাবে এ দুই অভিনয়শিল্পীকে।

ছবি–সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে একাধিকবার ‘কাজলরেখা’ ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তির কথা থাকলেও আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক।

বুধবার প্রথম আলোকে গিয়াসউদ্দিন সেলিম ছবি মুক্তির তারিখ পেছানোর কারণ প্রসঙ্গে বলেন, ‘আমাদের হাতে প্রচারণার সময়টা কম। ঠিকঠাকমতো প্রচারণা চালিয়ে তবে মুক্তির দিনটা চূড়ান্ত করব।’

‘কাজলরেখা’ ছবিতে এভাবেই দেখা যাবে শরিফুল রাজকে

বাংলা নববর্ষে মুক্তির কথা শোনা যাচ্ছে, এমন প্রশ্নে সেলিম বলেন, ‘‘এটা তো আসলে বৈশাখের সিনেমা। আমরা তাই সেভাবেই পরিকল্পনা করেছি। আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই দেব।’ তাহলে আগে ভালোবাসা দিবসে দেওয়ার কথা বলেছিলেন? ‘আসলে যদি পুরোপুরি রেডি হয়ে যেত, তাহলে মুক্তি দিয়ে দিতাম। কিন্তু সব মিলিয়ে দেরি হয়ে গেছে। সরকারি অনুদানের ছবি, মন্ত্রণালয়ের দেখার বিষয়ও আছে। এরপর আবার নির্বাচন ইস্যু ছিল। এখন আমরা সেন্সর ছাড়পত্রের জন্য দেব। তা ছাড়া অনেক প্রচারণা দরকার। এত লোকের দেশ, এত ইভেন্ট—সবকিছু ভেদ করে মানুষের কাছে পৌঁছানো তো সময় লাগবে। আমরা সিদ্ধান্ত নিয়ে মাস দুয়েক ইনটেনসিভ প্রচারণা চালালে মানুষজন জানতে পারবে। এই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি আরকি।’

‘কাজলরেখা’ সিনেমার দৃশ্যে মন্দিরা চক্রকর্তী

‘মৈমনসিংহ গীতিকা’র কাজলরেখা অবলম্বনে এটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন, বাঙালির চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ‘কাজলরেখা’। গত বছরের শেষের দিকে ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ গান মুক্তিও পায়। ‘কাজলরেখা’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খাইরুল বাশার, সাদিয়া আয়মান প্রমুখ।