
মেরিল-প্রথম আলো পুরস্কারের এ বছরের আজীবন সম্মাননা পেলেন অভিনয়শিল্পী আলমগীর।
আলমগীরের হাতে পুরস্কার ও ৩ লাখ টাকার চেক তুলে দেন রুনা লায়লা। আলমগীরকে উত্তরীয় পরিয়ে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় মঞ্চে ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
আজীবন সম্মাননার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফজাল হোসেন।
আজীবন সম্মাননা পাওয়ার পর চিত্রনায়ক এম এ আলমগীর মাইক্রোফোন হাতে বলেন, ‘আমি সত্যিই এর প্রাপ্য কি না, আমি জানি না। আমার ছোটভাই (অভিনেতা আফজাল হোসেন) মঞ্চে দাঁড়িয়ে বলেছে, আমি অভিনয় করে তৃপ্তি পাইনি। আমার বিশ্বাস আফজালেরও তাই, অভিনয় করে কি তৃপ্তি পাওয়া যায়? পাওয়া যায় না। অভিনয়ের যে গভীরতা, এর শেষ এক জনমে খুঁজে পাওয়া সম্ভব নয়। খুঁজে পেতে হলে শত জনম নিতে হবে। আমরা তো একটা জনমই পেয়েছি। শেষ কখনো দেখে যেতে পারব না।’
আলমগীর মঞ্চে উঠার পর দর্শককেরা দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। আলমগীর বলেন, ‘মঞ্চে আসার পর আপনারা যেভাবে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন, এটা আমার নিজের চোখে দেখলাম এবং নিজের কানে শুনলাম। এটাকে আমি অন্তরে ধারণ করব মৃত্যু পর্যন্ত।’
তিনি পুরস্কারের অর্থ ৩ লাখ টাকা প্রথম আলো ট্রাস্টে প্রদান করেন।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ (তারকা জরিপ): সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন জেফার রহমান (লিচুর বাগানে: তাণ্ডব)।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ (সমালোচক)—পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে সাবা।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ (সমালোচক)—পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন পিপলু আর খান।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ (সমালোচক)—পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র: সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। তিনি ‘সারা’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ (সমালোচক)—পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র: সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন মাহাফুজ মুন্না ও শান্ত চন্দ্র সূত্রধর। এই দুই অভিনেতা উড়াল–এ অভিনয়ের জন্য এ পুরস্কার পান।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫– এ বিশেষ সম্মাননা পান জেমস। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী জেমসের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় তিনি বলেন, লাইফ টাইম অ্যাওয়ার্ড মানে এখনো হাফ টাইম বাকি আছে। তিনি মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য ধন্যবাদ জানান।
মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে জেমস। দর্শকের তুমুল করতালি। গিটারের শব্দের মাঝেই দর্শকদের শুভেচ্ছা জানান। এরপরই ‘সুন্দরিতমা’ গান ধরেন। দর্শকেরাও গেয়ে ওঠেন।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ (সমালোচক)—সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেল ‘গুলমোহর’।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ (সমালোচক)—ওয়েব সিরিজে সেরা সেরা পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। তিনি গুলমোহর সিরিজের নির্মাতা।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ (সমালোচক)—ওয়েব সিরিজে সেরা অভিনেত্রী জয়া আহসান। তিনি জিম্মি সিরিজের জন্য এ পুরস্কার পান
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ (সমালোচক)—ওয়েব সিরিজে সেরা অভিনেতা নাসির উদ্দিন খান। তিনি ‘মাইশেলফ অ্যালেন স্বপন- ২’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান।
সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এফ এস নাঈম। তিনি ‘খুব কাছেরই কেউ’–এর জন্য এ পুরস্কার পেলেন।
সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন সিদ্দিক আহমেদ। তিনি ‘তোমাদের গল্প’–এর জন্য এ পুরস্কার পেলেন।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫–এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলন তানজিম সাইয়ারা তটিনী। তিনি ‘ভালো থেকো’ নাটকের জন্য এ পুরস্কার পেলেন তিনি।
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫–এ কাউন্ট ডাউন শেষ। বিগত বছরের পেছন ফিরে দেখানো হয় মঞ্চের স্ক্রিনে। এরপরই মঞ্চে আসেন কবির বকুল। তিনি বলেন, এ অনুষ্ঠান সবার। তিনি এরপরেই মঞ্চে ডেকে নেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি মঞ্চে ডেকে নেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মালিক মোহাম্মদ সাঈদকে।
মালিক মোহাম্মদ সাঈদ বলেন, প্রথম আলো সব ভালো কাজে আমরা সবসময় পাশে থাকব। দেশের শিল্পের জন্য আমরা কাজ করে যাব। তিনি প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরেন।
এরপরই আনিসুল হক মঞ্চে ডেকে নেন-আফজাল হোসেনকে।
উপস্থাপক মৌসুমী মৌয়ের অনুরোধে `প্রেশার কুকার' সিনেমার ‘বড়াই করে’ গানটি গেয়ে শোনালেন খায়রুল বাসার।
মেরিল–প্রথম আলো পুরস্কারটি অস্কারের মতো বলে মন্তব্য করলেন দিলারা জামান। তিনি অনুষ্ঠানে মঞ্চে এসে এ কথা বলেন।
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসরে আসতে শুরু করেছেন তারকারা। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে হল অব ফেমের মূল মঞ্চে এসেছেন আলমগীর–রুনা লায়লা দম্পতি। এসেছেন সংগীতশিল্পী আখি আলমগীরসহ অন্য তারকারা।
বিনোদন অঙ্গনে বছরের সেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৯৯ সালে। দীর্ঘ যাত্রায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে এ আয়োজনের পরিসর বেড়েছে। যুক্ত হয়েছে ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ, সিনেমাসহ নানা ধরনের কাজ, যা মেরিল-প্রথম আলো অনুষ্ঠানকে আরও বেশি গ্রহণযোগ্য করেছে। এ বছর ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠানে তারকা জরিপ, সমালোচক ক্যাটাগরি, আজীবন ক্যাটাগরিসহ বিভিন্ন শাখায় পুরস্কার তুলে দেওয়া হবে।
কে কোন পারফম্যান্স করবেন, সব প্রশ্নের উত্তর মিলবে আজ।
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে আজ শুক্রবার বসেছে এ আসর।
২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী এসেছেন। অনুষ্ঠানে এসেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালও।
দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’। আজ শুক্রবার এ আয়োজনের ২৭তম আসর বসেছে। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মূল আয়োজন হচ্ছে। এর আগেই লালগালিচায় হাজির হচ্ছেন বিনোদনজগতের তারকারা। সন্ধ্যা ছয়টায় নানা চমক নিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান।
প্রতিবারের মতো এবারের আয়োজনেও ‘তারকা জরিপ পুরস্কার’, ‘সমালোচক পুরস্কার’ ও ‘আজীবন সম্মাননা’ দেওয়া হবে। কারা এই পদক ও সম্মাননা পাবেন, তা নিয়ে প্রতিবছরই দর্শক, শিল্পী, কলাকুশলীদের কৌতূহল থাকে। পুরস্কারপ্রাপ্ত তারকাদের নাম ঘোষণার মধ্য দিয়ে আজ সেই কৌতূহলের অবসান হবে।
এ আসর প্রতিবারের মতো ‘আজীবন সম্মাননা’ দিয়ে শুরু হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে নানা চমক। এতে অংশ নেবেন দেশের তারকারা। এ অনুষ্ঠানের ফাঁকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারগুলো তুলে দেবেন বিনোদন অঙ্গনের গুণী তারকারা।