অক্ষয়কে 'ট্রফি হাজবেন্ড' বললেন টুইংকেল

স্ত্রী টুইংকেল খান্না ও ছেলে আরাভের সঙ্গে অক্ষয় কুমার
স্ত্রী টুইংকেল খান্না ও ছেলে আরাভের সঙ্গে অক্ষয় কুমার

গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেওয়া হলো ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার প্রথমবারের মতো সেরা চলচ্চিত্র অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার। ‘রুস্তম’ ছবির জন্য তিনি এ পুরস্কার জেতেন। পুরস্কার পাওয়ার পর তাঁর স্ত্রী টুইংকেল খান্না টুইটারে মজা করে লিখেছেন, ‘এখন আমি আনুষ্ঠানিকভাবে অক্ষয়কে আমার “ট্রফি হাজবেন্ড” বলতে পারব।’
সাধারণত আকর্ষণীয় পুরুষের বয়স্ক ও ধনী স্ত্রী থাকলে তাঁকে ‘ট্রফি হাজবেন্ড’ বলা হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসরে সেরা অভিনেতার ট্রফি গ্রহণ করতে অক্ষয়ের সঙ্গী হয়েছিলেন তাঁর অভিনেত্রী ও ঔপন্যাসিক স্ত্রী টুইংকেল। তাঁর সঙ্গে বড় সন্তান আরাভও গিয়েছিল। তিনজন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরোদস্তুর ভারতীয় সাজে। অক্ষয় কুমার গতকালের দিনটিকে বলছেন তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আর পরিবারের মানুষেরাও তাঁর কাছে সমান গুরুত্বের।

রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করছেন অক্ষয় কুমার

রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করার একটি ছবি টুইটারে প্রকাশ করে এ অভিনেতা লিখেছেন, ‘কোনো ভাষা দিয়েই এ আনন্দ প্রকাশ করা যাবে না। আমার জীবনের প্রথম জাতীয় পুরস্কারটি আপনাদের সবার। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ।’ হিন্দুস্তান টাইমস।