ক্রিকেট, কুস্তির পর এবার বাস্কেটবল নিয়ে আমির

শিগগিরই সেই ছবির শুটিংয়ে নেমে পড়বেন আমির খান
সংগৃহীত

আমির খান নতুন ছবির কাজ করছেন এমন গুঞ্জন ছিল। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ বিষয়ে প্রতিবেদনও করে। এবার জানা গেল, শিগগিরই সেই ছবির শুটিংয়ে নেমে পড়বেন এই অভিনেতা।
এখন পর্যন্ত তাঁর ‘লাল সিং চাড্ডা’ ছবিটি মুক্তি পায়নি। বহুল প্রত্যাশিত এই ছবির দিকে তাকিয়ে ভক্তরা। কারণ হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক এই ছবি। কেমন করলেন সেই ছবিতে? তা দেখার তর সইছে না ভক্তদের। এদিকে নতুন ছবির শুটিংয়ের জন্যও প্রস্তুত আমির।

আমিরের খেলাভাগ্য সব সময়ই ভালো। ‘লগান’ দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। আর ‘দঙ্গল’ ছবি তো সাম্প্রতিক সময়ের বক্স অফিস ঝড় তোলা ছবি। ফের খেলাকে উপজীব্য করা ছবির দিকেই ফিরলেন আমির। আর এবারও তিনি করছেন রিমেক ছবি।

আমির খান অভিনীত ‘লগান’ বলিউডের অন্যতম ধ্রুপদি একটি ছবি

আর এস প্রসন্ন ছবিটি পরিচালনা করবেন। সবকিছু ঠিক থাকলে ছবির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে। ২০১৮ সালের স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিওনেস’ এর রিমেক হচ্ছে ছবিটি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী আগস্ট মাসে ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাওয়ার পরেই আমি তাঁর এই ছবি নিয়ে ঘোষণা দিতে চান।

ছবির বেশির ভাগই শুটিং হবে বাইরে। তাই নির্মাতা বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে চান। তাই সেপ্টেম্বরের শুরু থেকে টানা দুই মাস শুটিং করা হবে ছবির। তবে ছবির প্রথম ধাপের শুটিং শিডিউল ফেলা হয়েছে মুম্বাই স্টুডিওতে।

বিশেষ অলিম্পিকে অংশগ্রহণের জন্য বুদ্ধি প্রতিবন্ধী মানুষদের নিয়ে একটি বাস্কেটবল দল গড়েন একজন মেজাজি কোচ। এই কোচের চরিত্রে দেখা যেতে পারে আমিরকে।