জুহির হারানো হীরার দুল খুঁজে দিলেই পুরস্কার

জুহি চাওলা। ছবি : ইনস্টাগ্রাম
জুহি চাওলা। ছবি : ইনস্টাগ্রাম

বলিউডের বিত্তশালীদের মধ্যে প্রথম সারিতেই পাওয়া যাবে জুহি চাওলার নাম। অর্থ, প্রতিপত্তি কোনো কিছুরই অভাব নেই এই অভিনেত্রীর। স্বামী জয় মেহতা নামজাদা ব্যবসায়ী। তা সত্ত্বেও একটা হীরার কানের দুল হারিয়ে বেজায় মন খারাপ জুহির। কারণ, এই দুল তাঁর অনেক পুরোনো সাথি। এ নিয়ে সদ্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়িকা।

জুহি চাওলার পোস্ট বলে কথা! সেটি শেয়ারে শেয়ারে ছড়িয়ে পড়েছে বলিউড ছাড়িয়ে সর্বত্র। টুইটে তিনি জানিয়েছেন, তাঁর একটি হীরার দুল মুম্বাই বিমানবন্দরে হারিয়ে গেছে। বিশেষ এই হীরার দুলটি যে খুঁজে দিতে পারবে, তাকে পুরস্কার দেবেন জুহি। এটি খুঁজে পেতে সবার সাহায্য চেয়ে পোস্টটি করেছেন তিনি। টুইটে জুহি জানিয়েছেন, এই দুল তিনি ১৫ বছর ধরে পরছেন। ফলে এর সঙ্গে তাঁর এক বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে।

সেই নব্বইয়ের দশকে বলিউডের একটি সিনেমার দৃশ্যে জুহি। ছবি : ইনস্টাগ্রাম

এই বলিউড তারকা টুইটারে লিখেছেন, ‘আজ (রোববার) সকালে মুম্বাই বিমানবন্দরের আট নম্বর গেটের দিকে যাচ্ছিলাম। এমিরেটস এয়ারলাইনসের কাউন্টারে চেকইন করেছি। সিকিউরিটি চেক হয়েছে। এরই মধ্যে আমার হীরার দুলটা কোথাও খুলে পড়ে গেছে। কেউ যদি আমায় এটি খুঁজে পেতে সাহায্য করেন, তাহলে আমি খুবই খুশি হব। দুলটি খুঁজে পেলে আপনারা পুলিশকে জানাবেন। আপনাদের পুরস্কার দিতে পারলে আমি অত্যন্ত খুশি হব। এটা আমার ম্যাচিং পিস। আমি ১৫ বছর ধরে এই দুল জোড়া পরছি। অনুগ্রহ করে আমায় সাহায্য করুন।’ এই পোস্টের সঙ্গে জুহি তাঁর অন্য দুলটির ছবি শেয়ার করেছেন। আর তাঁর এই পোস্ট নিয়ে নেট-জনতা নানা প্রতিক্রিয়া জানাচ্ছে। একজন লিখেছেন, ‘ম্যাম, এর বদলে কি আপনি তাঁকে দ্বিগুণ পুরস্কার দেবেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘হীরা বলে কথা। হারালে যেকারও মন খারাপ হয়ে যাবে।’

সেই নব্বইয়ের দশকের জুহি। ছবি : ইনস্টাগ্রাম

নব্বই দশকের বলিউড রীতিমতো রাজরানি ছিলেন জুহি। ‘কায়ামত সে কায়ামত তক’, ‘ইশক’, ‘রাজু বন গ্যায়া জেন্টেলম্যান’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’সহ আরও বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। প্রভাবশালী ব্যবসায়ী রাজ মেহতাকে বিয়ে করে হঠাৎ সিনেমার জগৎ থেকে সরে গিয়েছিলেন। বলা চলে মনপ্রাণ ঢেলে সংসার করছিলেন তিনি। স্বামী, দুই সন্তান জাহ্নবী ও অর্জুনকে নিয়ে ব্যস্ততাও ছিল তাঁর। কয়েক বছর হলো আবারও বিনোদন অঙ্গনে ফিরেছেন জুহি। শেষ তাঁকে পর্দায় দেখা যায় ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে।