
গত কয়েক মাস কঠিন এক সময়ের মধ্যে দিয়ে গেছেন রাজ কুন্দ্রা আর শিল্পা শেঠি। পর্ন ছবি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস হাজতবাস করেছেন রাজ। তার পর থেকে শিল্পা আর রাজের বৈবাহিক সম্পর্ককে ঘিরে নানা গুঞ্জন শোনা গেছে। বিটাউনে জোর গুঞ্জন উঠেছিল, রাজকে ডিভোর্স দিতে চলেছেন শিল্পা। তবে আজ এক পোস্টে সব নিন্দুকের জবাব দিয়েছেন শিল্পা।
আজ সোমবার রাজ আর শিল্পার দাম্পত্য জীবনের এক যুগ পূর্ণ হলো। ১২ বছর আগে এই দিনে শিল্পা রাজকে বিয়ে করার সময় সুখে-দুঃখে তাঁর পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। আর তিনি তাঁর অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করেছেন। পর্ন ছবি নির্মাণের অভিযোগে জেলে কাটানোর সময় স্বামী রাজের পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন শিল্পা।
আজ এই বিশেষ দিনে শিল্পা ইনস্টাগ্রামে এক বিশেষ পোস্ট করে লিখেছেন, ‘১২ বছর আগে এই দিনে এই মুহূর্তে আমরা একে অপরের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, সুখে-দুঃখে একসঙ্গে থাকব। কঠিন সময়ে একে অপরের হাত ধরে থাকব। ভালোবাসা আর ওপরওয়ালার প্রতি বিশ্বাস রাখব, উনি আমাদের সঠিক পথ দেখাবেন। প্রতিদিন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এ প্রতিজ্ঞা পালন করব। ১২ বছর পার হয়ে গেছে। শুভ বিবাহবার্ষিকী, “কুকি”।
আমাদের জীবনে অনেক অনেক রংধনু, মাইলফলক, খুশি আর আমাদের বাচ্চাদের জন্য চিয়ার্স। সব শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানাতে চাই, সুখে-দুঃখে যাঁরা আমাদের পাশে ছিলেন।’ এই হৃদয়ছোঁয়া পোস্টের সঙ্গে শিল্পা তাঁদের বিয়ের একগুচ্ছ অপ্রকাশিত ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে শিল্পা আর রাজের বাগদান হয়েছিল। আর সেই বছরের নভেম্বরে একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। তাঁদের দুই সন্তান ভিয়ান আর সমিশা।