
সম্প্রতি তামিল সুপারস্টার কমল হাসানের আসন্ন ছবি ‘বিক্রম’–এর অডিও ও ট্রেলার মুক্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ চার বছর পর আবারও তাঁকে দেখা যাবে রুপালি পর্দায়। যেখানে অভিনেতাকে প্রবীণ অ্যাকশন হিরোর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই অনুষ্ঠান বক্তৃতার সময় তিনি অতীতের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণা করেন। জনপ্রিয় এই অভিনেতা এখন পুরোদমে রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতি করলেও সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক বজায় রেখেছেন। এর জন্য কোনো সম্পর্কে ফাটল ধরতে দেননি তিনি।
অনুষ্ঠানে কমল হাসান পরামর্শ দেন আদর্শ বা দলগতভাবে কেউ আলাদা মনোভাবের হলেও যেন সম্পর্ক নষ্ট না হয়। তিনি বলেন, ‘আমি রাজনৈতিক প্ল্যাটফর্মটি ব্যবহার করেছি মানুষের কাছে পৌঁছাতে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। রাজনৈতিক মতাদর্শের মধ্যে পার্থক্য থাকলেও বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট করিনি। সিনেমা ও রাজনীতি উভয় ক্ষেত্রেই সমবয়সী বন্ধুদের সঙ্গে তার সুস্থ প্রতিযোগিতা থাকবে।’ উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন অভিনেতা রজনীকান্তের সঙ্গে তাঁর ৪০ বছরের বেশি সময়ের বন্ধুত্বের কথা।
কমল হাসান বলেন, ‘রজনী ও আমি একই সঙ্গে প্রতিযোগী ও বন্ধু। আমরা যখন দুজনই ২৫ বছর বয়সী, তখন আমরা ভবিষ্যদ্বাণী করেছিলাম যে আমাদের এই যাত্রা কীভাবে শেষ হবে। তখন থেকে আমরা একে–অপরকে প্রাপ্য সম্মান দিয়ে আসছি। এখনো এর কোনো পরিবর্তন হয়নি।’
কমল হাসান আরও বলেন, ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন রাজনৈতিক দিক দিয়ে আমার বিরোধী দলের হলেও এর বাইরে তিনি আমার বন্ধু। তাঁর ছেলে উদয়নিধি স্তালিন রেড জায়ান্ট মুভিজ পরিচালনা করেন। সেই রেড জায়ান্ট মুভিজের সঙ্গে আমি যুক্ত হই। অথচ আমি ও আমার দল আগের নির্বাচনে উদয়নিধির দলের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছি। রেড জায়ান্টের সঙ্গে যুক্ত হওয়ার পর লোকে বলছিল, এটা কীভাবে সম্ভব? আমি জিজ্ঞাসা করি, কেন নয়?’
কমল হাসান উদয়নিধি স্তালিনের সঙ্গে ‘ময়না’ ও ‘মনমদন আম্বু’র মতো ছবিতে কাজ করেছেন। আর তাঁরা দুজনই রাজনীতিতে এসেছেন। কিন্তু দুজনের পথ আলাদা। তাঁদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা চলছে। তবে বন্ধুত্ব রয়ে গেছে বলে অনুষ্ঠানে জানিয়েছেন তিনি।
উদয়নিধির রেড জায়ান্ট মুভিজ তামিলনাড়ুতে ‘বিক্রম’ ছবির প্রচারণা করেছে। উদয়নিধিও ‘বিক্রম’–এর অডিও ও ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং কমলের প্রশংসা করেন। এমনকি তিনি কমলকে রাজনীতির পাশাপাশি প্রতিবছর অন্তত একটি সিনেমা করার অনুরোধও করেন।
‘বিক্রম’ ছবিটি রচনা ও পরিচালনা করেছেন লোকেশ কানারাজ। এই ছবিতে কমল হাসানের সঙ্গে আরও দেখা যাবে ফাওয়াদ ফাজিল, বিজয় সেতুপতি, কালিদাস জয়ারাম প্রমুখ অভিনয়শিল্পীকে। ৩ জুন ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। কমল হাসানকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘বিশ্বরূপম ২’ ছবিতে।