দুর্ঘটনার কবলে পড়া বলিউড তারকারা

ছবির সেটে অথবা এর বাইরে অনেক সময় দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন বলিউড তারকারা। কখনো কখনো মারাত্মক ক্ষতিও হয়েছে কারও। দুর্ঘটনার কবলে পড়া এমন বলিউড তারকাদের নিয়ে থাকল আজকের আয়োজন—

ভারতের উত্তর প্রদেশের মথুরার কাছে মিথাউলি গ্রামে একটি জনসভায় বক্তব্য দিতে গিয়েছিলেন অভিনেত্রী হেমা মালিনি। আচমকা ঝড় শুরু হয়। ধূলিঝড়ে তছনছ হয়ে যায় সবকিছু। সেখান থেকে ফিরে আসার পথে আচমকা তাঁর কনভয়ের সামনে গাছ ভেঙে পড়ে। চালক সময়মতো গাড়ি থামিয়ে দেন। অল্পের জন্য রক্ষা পেয়ে যান অভিনেত্রী।
ইনস্টাগ্রাম
মুম্বাই শহরের বান্দ্রায় কার্টার রোডে রাত ২টা ৪৫ মিনিটে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। জ্যাকুলিনের গাড়ি একটি অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। তবে কারোরই এতে কোনো ক্ষতি হয়নি।
একবার বান্দ্রায় কোনো একটি মিটিংয়ে অংশগ্রহণ করতে গাড়িতে করে যাচ্ছিলেন বিদ্যা বালান। তখন একটি গাড়ি তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা খায়। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এই অভিনেত্রীর কোনো ক্ষতি হয়নি।
একবার গাড়িতে করে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন সোনম কাপুর। হঠাৎ থেমে যায় গাড়িটি। তাড়াতাড়ি সবাইকে গাড়ি থেকে নামতে বলেন সোনম। কিন্তু তাঁর বন্ধু কুনাল রানওয়ালের গাড়ি থেকে বের হওয়ার দরজা আটকে যায়। শুধু তা–ই নয়, সেখানে আগুনও ধরে যায়। সোনম নিজে তখন তাঁকে বের করতে এগিয়ে আসেন। গাড়ি থেকে বের করার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে গাড়িতে।
বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অডি গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। একটা ট্রাফিক সিগন্যালে গাড়িটি থামে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দেয় তাঁদের গাড়িটিকে। অভিনেতা ও অভিনেত্রীর কোনো ক্ষতি না হলেও গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে যায়।