‘নিজেকে জানুন’

নার্গিস ফাখরি
 নার্গিস ফাখরি

বলিউডে নায়িকাদের দৌড়ে বরাবরই পিছিয়ে ছিলেন অভিনেত্রী নার্গিস ফাখরি। তাতে কী হয়েছে, গ্ল্যামার কুইন হিসেবে অনায়াসে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। মাঝে বিটাউন ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন রকস্টারখ্যাত এই নায়িকা। একটু বিরতি নিতে আর মনকে চাপমুক্ত রাখতে বলিউড থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন নার্গিস। তবে আবার পুরোনো সাম্রাজ্যে ফিরে এসেছেন তিনি। তবে এখন নার্গিস ভালো অভিনেত্রী হওয়ার থেকেও ভালো মানুষ হওয়ার প্রচেষ্টায় মেতে আছেন।

নার্গিস ফাখরি

এক সাক্ষাৎকারে নার্গিস জানিয়েছেন, তিনি আরও ভালো মানুষ হওয়ার জন্য একাধিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। এ প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেছেন, ‘আমি এমনই এক ব্যক্তি যে নিজেকে আরও উন্নত মানুষ করার নেশায় মেতে থাকি। তাই অন্য মানুষের থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করি। আর চেষ্টা করি যেকোনো সম্পর্ককে গভীরভাবে অনুভব করতে। অন্য কোনো মানুষের কোনো বিষয় পছন্দ না হলে আমি নিজেকে তা নিয়ে প্রশ্ন করি। কেন আমি পছন্দ করছি না, তা খুঁজে বের করার চেষ্টা করি। মনে হয়, নিজের ভেতরই কিছু ত্রুটি আছে। এ ক্ষেত্রে নিজের দোষ খুঁজে বের করি। আমার মনে হয়, আমি নিজেকে নিয়ে খুবই কাটাচেরা করি। আত্মবিশ্লেষণে আমি বেশি ব্যস্ত থাকি। আমি সব সময় নিজের ব্যাপারে ভাবনাচিন্তা করার জন্য সময় বের করি, যাতে আমি মানুষ হিসেবে আরও উন্নত হয়ে উঠি।’

নার্গিস ফাখরি

নার্গিস আরও বলেছেন, ‘আমি যা করি, তা দায়িত্বের সঙ্গে করি। আর নিজের ভুল স্বীকার করতে আমি কখনো লজ্জা পাই না। তাই আমি সব সময় বলি যে মানুষের উচিত নিজের মানসিক স্বাস্থ্য সম্পর্কে অবগত হওয়া। কারণ, এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে নেতিবাচক কোন বিষয়গুলো আপনাকে ঘিরে আছে। আমি মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে এবং অভ্যাসের মাধ্যমে আমরা এসব কাটিয়ে উঠতে পারি। আপনি যখন অন্যের ব্যাপারে নেতিবাচক কথা বলেন, তখন নিজের দিকে একবার তাকিয়ে দেখুন। নিজেকে জানুন। কারণ, এই ভাবনাচিন্তা আপনার নেতিবাচক মানসিক অবস্থারই প্রতিবিম্বমাত্র।’

নার্গিস বই পড়তে খুবই ভালোবাসেন। তিনি বলেছেন, ‘বই আমার অবসরের সঙ্গী। বিশেষ করে আমি মনোবিজ্ঞানের ওপর বই পড়তে ভালোবাসি। ১৫ বছর বয়স থেকে আমি বই পড়া শুরু করেছি। আজও আমি সময় পেলেই বই পড়ি।’

নার্গিস ফাখরি

সম্প্রতি নার্গিস কান চলচ্চিত্র উৎসবে হালকা গোলাপি রঙের গাউন পরে লালগালিচায় হেঁটে সবার নজর কাড়েন। আবুধাবিতে আয়োজিত আইফাতেও তাঁর উপস্থিতি উষ্ণতা ছড়িয়েছিল। নার্গিসকে শিগগিরই পবন কল্যাণের সঙ্গে এক তেলেগু ছবিতে দেখা যাবে।