পরামর্শ পোড়া-মর্শ

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

‘আরেকটু মোটা হলে এক্ষুনি হয়ে যেত/ কেউ বলে না না রোগা হও।’ অঞ্জন দত্তের এই গানের কথার মতোই চলচ্চিত্রে নামার আগে আশপাশের কত কথাতেই না কান ভারী হয়েছে দীপিকা পাড়ুকোনের। শুনতে হয়েছে রাজ্যের পরামর্শ। অমুক করো, তমুক করো। ওটা কোরো না, সেটা কোরো। এর মধ্যে অনেক পরামর্শই দীপিকার কাজে এসেছে নিশ্চয়ই। এর জন্য তিনি কৃতজ্ঞও। তবে কাজে আসেনি এমন ফালতু পরামর্শের সংখ্যাও কিন্তু কম নয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে দীপিকা জানিয়েছেন, চলচ্চিত্রে নামার আগে তাঁর শোনা সবচেয়ে বাজে পরামর্শটির কথা। ছোট পর্দায় বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করা দীপিকা শুরুতেই নজর কেড়েছিলেন তাঁর অসম্ভব মায়াবী চেহারার জন্য। দীপিকার সৌন্দর্য ঠিক আগুনজ্বলা নয়, চোখ ঝলসে যায় না। অন্য রকম স্নিগ্ধতা ছড়ায়। পাশের বাড়ির মেয়েটির মতো আপন মনে হয়। আর তাই অনেকেই দীপিকাকে পরামর্শ দিয়েছিলেন, চলচ্চিত্রে নামার আগে প্লাস্টিক সার্জারি করে ফেলার!
এই পরামর্শ দীপিকার কাছে মনে হয়েছিল পোড়া-মর্শ! পিঙ্কভিলা।