
দ্রুত বিয়ে করে ফেলবেন, জানিয়েছিলেন লিসা হেইডন। এই তো গত মাসের কথা। সেপ্টেম্বরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রেমিক ডিনো লালাভানির সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমরা বিয়ে করছি।’ তবে বিয়ের দিনক্ষণ কিছুই জানাননি তখন। ঘোষণার এক মাসের মধ্যে কাজটি সেরে ফেললেন তিনি।
লিসার বিয়েতে উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। বিয়েতে তিনি পরেছিলেন সাদা রঙের গাউন আর বরের পরনে ছিল সাদা ব্লেজার। বিয়ের খবরও লিসাই জানিয়েছেন সবাইকে। মাধ্যম হিসেবে এবারও বেছে নিয়েছেন ইনস্টাগ্রাম। সমুদ্রসৈকতে বিয়ের পোশাকে নিজেদের একটি রোমান্টিক ছবিও আপলোড করে লিসা লিখেছেন, ‘সদ্যবিবাহিত’।
ভারতের প্রথম সারির মডেল লিসা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইদানীং বলিউডে অভিনয়ও করছেন তিনি। তাঁকে সর্বশেষ দেখা গেছে সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল-৩’ ছবিতে। এ ছাড়া ‘কুইন’, ‘আয়শা’সহ বেশ কিছু ছবিতে তিনি সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। লিসার স্বামী ডিনো পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি যুক্তরাজ্যের একটি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। হিন্দুস্তান টাইমস।