মিঠুন চক্রবর্তী। ছবি ভাস্কর মুখার্জি
মিঠুন চক্রবর্তী। ছবি ভাস্কর মুখার্জি

মিঠুনের অসুস্থতা নিয়ে কী বললেন ছেলে

বলিউডের ‘দাদা’ মানে মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এখন তিনি সুস্থ। তাঁকে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তাঁর পুত্র মিমোহ।
বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী কিডনিতে পাথরের কারণে ভুগছিলেন। তাই তাঁকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভারতের এক শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকাকে মিঠুনের বড় ছেলে মিমোহ জানিয়েছেন, ‘বাবা এখন পুরোপুরি সুস্থ। কিডনির পাথরের কারণে আমরা তাঁকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করেছিলাম। তাঁর কিডনি থেকে পাথর বের করা হয়েছে। এখন তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছেন।’

মিঠুন চক্রবর্তী

বিজেপির সাবেক সাংসদ তথা চিকিৎসক অনুপম হাজরা টুইটারে মিঠুনের একটি ছবি পোস্ট করেছিলেন। ওই ছবিতে দেখা গেছে, মিঠুন হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। ছবিটির ক্যাপশনে অনুপম লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন মিঠুন দা।’ বিজেপি নেতা সঞ্জয় সিংও মিঠুনের এই একই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন। তারপর থেকে মিঠুনদার হাজার হাজার অনুরাগী তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত। সবাই তাঁর দ্রুত সুস্থতার কামনা করছে।

মিঠুনকে শেষ পর্দায় দেখা গেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে

মিঠুনকে শেষ পর্দায় দেখা গেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে। ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিতে তাঁকে আইএএস ব্রহ্ম দত্তের ভূমিকায় দেখা গেছে। আগামী দিনে এই বলিউড তারকাকে বাংলা ছবি ‘প্রজাপতি’তে দেখা যাবে। মিঠুন চক্রবর্তী তাঁর ক্যারিয়ারে ১৩০টির বেশি ছবিতে অভিনয় করেছেন।