দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা কমল হাসান। অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি ‘বিক্রম’-এ নতুন রূপে আসতে চলেছেন তিনি। আর মুক্তি আগেই তাঁর ছবি ঘিরে আলোচনা। ‘বিক্রম’ প্রেক্ষাগৃহে আসার আগেই নির্মাতারা ২০০ কোটি রুপির বেশি পকেটে ভরেছেন।
৩ জুন মুক্তি পাচ্ছে কমল হাসান আর বিজয় সেতুপতি অভিনীত ‘বিক্রম’ ছবিটি। এই একই দিনে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’, আর ‘মেজর’ ছবিটি। অক্ষয়ের ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর সামনে কমল হাসানের ‘বিক্রম’ মুক্তির আগেই দাপট দেখাতে শুরু করেছে। ‘বিক্রম’ বানাতে মোট খরচ হয়েছে ১৫০ কোটি রুপি। এদিকে কমল হাসানের ছবিটি মুক্তির আগেই ২০৪ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে। তার মানে, ‘বিক্রম’-এর নির্মাতারা ছবিটি মুক্তির আগেই ৫৪ কোটি রুপির বেশি লাভ করে ফেলেছেন।
চলচ্চিত্রের ব্যবসা বিশ্লেষকদের মতে, কমল হাসানের ক্যারিয়ারে প্রথম ছবি, যা মুক্তির আগে এত রুপি ব্যবসা করেছে। দক্ষিণি ছবির দুনিয়ায় বিশ্লেষক রমেশ বালা এই ছবির প্রি-রিলিজ ব্যবসা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিক্রম’ স্যাটেলাইট আর ওটিটি রাইটস থেকে ইতিমধ্যে ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।
এদিকে কমল হাসানের অনুরাগীরা ছবিটি মুক্তির চার দিন আগে থেকেই টিকিট কাটতে শুরু করে দিয়েছেন। জানা গেছে, সিনেমাপ্রেমীরা ভোর চারটা থেকে টিকিটঘরের সামনে লাইন দিয়েছেন। টিকিট পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা অসংখ্য লোক লাইনে দাঁড়িয়ে আছেন। বিশেষ করে দক্ষিণের বড় বড় শহরে ‘বিক্রম’ ছবিটি ঘিরে উন্মাদনা তুঙ্গে। জানা গেছে, কমল হাসানের এক একনিষ্ঠ অনুরাগী এই ছবির একসঙ্গে ৬০টি টিকিট কেটেছেন। টিকিটসহ তাঁর ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
কমল হাসান উত্তর, পশ্চিম ও দক্ষিণ ভারত ঘুরে ‘বিক্রম’ ছবির প্রচারণা করছেন। আর সব প্রচারণা অনুষ্ঠানে ‘প্যান ইন্ডিয়া’ ছবি ঘিরে তাঁর মতামত জানতে চাওয়া হচ্ছে। এই কিংবদন্তি অভিনেতা প্যান ইন্ডিয়া ছবির প্রসঙ্গে বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে প্যান ইন্ডিয়া ছবি বানানো হচ্ছে। এটা নতুন কিছু ধারা নয়। শান্তারামজি প্যান ইন্ডিয়া ছবি বানিয়ে ছিলেন। “পড়োসন” প্যান ইন্ডিয়া ছবি ছিল। মেহমুদজি ছবিতে তামিলও বলেছেন। “মুঘল–ই–আজম” নিয়ে কী বলবেন? ছবিটা আমার কাছে প্যান ইন্ডিয়া ছবি ছিল।’
‘ভাষাবিবাদ’ নিয়ে কমল হাসান বলেছেন, ‘আমাদের দেশ সত্যি ব্যতিক্রম। আমরা আলাদা আলাদা ভাষায় কথা বলি, কিন্তু আমরা সবাই এক। আর এটাই আমাদের দেশের সৌন্দর্য। এই বিভিন্নতাই আমাদের শক্তি, আমাদের এক করে রেখেছে। তাজমহল আমার, আর মাদুরাই মন্দির আপনার। কন্যাকুমারিকা যতটা আপনার, কাশ্মীর অতটাই আমার।’
কমল হাসান আর বিজয় সেতুপতি ছাড়া ‘বিক্রম’ ছবিতে শিবানী নারায়ণ, ফহাদ ফাসিল মূল চরিত্রে আছেন। সূর্যকে এই ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘বিক্রম’ ছবিতে হাড় হিম করা অ্যাকশন দেখা যাবে।