
বিয়ের প্রস্তুতি চলছে জোরেশোরেই। কিন্তু মুখে কিছুই বলছেন না বর, কনে কিংবা তাঁদের পরিবার। সম্প্রতি এক অনুষ্ঠানে এক সাংবাদিক সরাসরি বিয়ে নিয়ে প্রশ্ন করে ফেললে বেঁকে বসেন ‘হবু বধূ’ দীপিকা পাড়ুকোন। মুখের ওপর বলে দিলেন। জানাবেন না বিয়ের খবর।
বেশ কয়েক মাস ধরে জোর গুঞ্জন বলিউডে, আগামী ১০ নভেম্বর তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং বিয়ে করতে যাচ্ছেন। সম্প্রতি বিয়ে কোথায় হচ্ছে, সে খবরও ছড়িয়ে পড়ে সবখানে। এ জুটির কাছের মানুষেরা জানিয়েছেন, ইতালিতে হবে বিয়ের অনুষ্ঠান। এর ১০ দিন আগে নন্দীপূজায় যোগ দেবে বর ও কনের পরিবার। এটা হবে বেঙ্গালুরুতে দীপিকার পৈতৃক বাড়িতে। এ পূজার পর থেকে দীপিকাকে দেখা যাবে বিয়ের আগ পর্যন্ত হাতে কাচের চুরি পরে থাকতে।
সম্প্রতি দীপিকা পাড়ুকোন একটি অনুষ্ঠানে তাঁর বিষণ্নতায় ভোগা দিনগুলোর কথা বলতে যান। সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্দীপনামূলক বক্তব্য দেন তিনি। বক্তব্য শেষে ছিল সংবাদ সম্মেলন। সেখানে এক সাংবাদিক বিয়ের ব্যাপারে জানতে চাইলে দীপিকা বলেন, ‘এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কথা বলার জন্য এটা উপযুক্ত স্থান নয়। এ প্রশ্ন অবিবেচকের মতো করা হয়েছে। এর জবাব আমি দেব না।’ সূত্র: বলিউড লাইফ