
যে রাঁধে, সে চুলও বাঁধে। সেটাই যেন প্রমাণ করে দিলেন পর্দার ‘গাঙ্গুবাই’ আলিয়া ভাট। শ্বশুরবাড়িতে গিয়েই তিনি ঢুকেছিলেন রান্না ঘরে। আর শ্বশুরবাড়িতে রান্না করা তাঁর প্রথম পদ জুকিনি বা ধুন্দুল। এটি দক্ষিণ ভারতীয় একটি পদ।
১৪ এপ্রিল হয়ে গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে। এখন দিব্যি সংসার করছেন বলিউডের এই তারকা দম্পতি। এর আগে দীর্ঘদিন তাঁদের প্রেমের গুঞ্জন ভেসে বেড়িয়েছে বলিউডের আকাশে-বাতাসে। দুজনকে বিভিন্ন সময় একত্রে দেখা গেছে বিমানবন্দর, সমুদ্রসৈকতসহ নানা জায়গায়। বিয়ের পরই শুটিংয়ে ফিরেছেন আলিয়া। করণ জোহরের নতুন ছবি ‘রকি অওর রানি প্রেমকাহানি’তে অভিনয় করছেন তিনি।
চার দিনের শুটিং সেরে শ্বশুরবাড়িতে ফেরেন আলিয়া। পর্দায় ইতিমধ্যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন আলিয়া। এবার তাঁর গিন্নিপনায়ও সেই স্বাক্ষর দেখানোর পালা। লোভনীয় নিরামিষ রেঁধে নাকি শ্বশুরবাড়ির সবার মন কেড়ে নিয়েছেন তিনি।
আলিয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা গেছে, রান্নাঘরে ব্যস্ত এই অভিনেত্রী। ভিডিও দেখে সবার মনে প্রশ্ন, কী রাঁধলেন তিনি?
ওই ভিডিও অনুযায়ী, আলিয়া জানিয়েছেন দক্ষিণি পদ ‘জুকিনি সবজি’ রেঁধেছেন তিনি। এটা রাঁধার আগে ভয়ে কাঁপছিলেন তিনি। অবশ্য এটা রাঁধতে তাঁকে সাহায্য করেছেন শেফ দিলীপ পণ্ডিত ও ক্যারোল। আলিয়ার রান্নাঘরের সেই ভিডিও পোস্টের পর ভক্তরা ধরেই নিয়েছেন, এটাই শ্বশুরবাড়িতে রান্না করা তাঁর প্রথম পদ।
যদিও ভিডিওটি নতুন নাকি পুরোনো, এ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, বিয়ের আগেও এ রকম একাধিক ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন আলিয়া। এতেই বোঝা যায়, রান্নায় একেবারে নতুন নন এই অভিনেত্রী। সুযোগ পেলেই এটা–ওটা রান্না করেন তিনি। সেসবে প্রাধান্য পায় নিরামিষ। কারণ, আলিয়া ভীষণ স্বাস্থ্যসচেতন আর নিজে নিরামিষভোজী।