
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, সামান্থা আক্কিনেনি আর নাগা চৈতন্যের সম্পর্কে চিড় ধরেছে। দক্ষিণের জনপ্রিয় এই তারকা দম্পতির মধ্যে বনিবনা হচ্ছে না। আর এর কারণ নাকি পরিবার পরিকল্পনা। শোনা যাচ্ছে, নাগা চাইছেন পরিবারে এবার নতুন সদস্য আসুক। তাই বেশ কিছু দিন ধরে সামান্থাকে বিরতি নিতে বলছেন তিনি। কিন্তু এই দক্ষিণি নায়িকার সামনে এখন ভালো ভালো প্রকল্প। ক্যারিয়ারের এই দুর্দান্ত সময়ে কিছুতেই বিরতি নেওয়ার কথা ভাবতে পারছেন না সামান্থা।
দুজনের মধ্যে মতবিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে বিবাহবিচ্ছেদের কথা পর্যন্ত ভাবছেন তাঁরা। এই জল্পনার মধ্যেই জানা গেল, এক ম্যারেজ কাউন্সিলরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সামান্থা আর নাগা। ভক্তদের মনে আশা, তবে কি বিয়েটা রক্ষার শেষ চেষ্টা করছেন তাঁরা? তাই দূরত্ব দূর করার জন্য ম্যারেজ কাউন্সিলরের সঙ্গে দেখা করেছেন।
বিয়ের পর নিজের নামের শেষে স্বামীর পদবি আক্কিনেনি ব্যবহার করতেন সামান্থা। কিন্তু কিছুদিন আগে এই দক্ষিণি নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নাম থেকে আক্কিনেনি বাদ দিয়ে ফেলেছেন। আর তার পর থেকে সামান্থা আর নাগার বৈবাহিক সম্পর্ককে ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করে। কিছুদিন আগে এই দক্ষিণি রূপসী এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
তিনি বলেছেন, ‘এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি কোনো রকম বিতর্ক পছন্দ করি না। অন্যান্য মানুষের যেভাবে নিজের মতামত রাখার স্বাধীনতা আছে, আমারও তা–ই আছে।’
২০১০ সালে তেলেগু ছবি ইয়ে মায়া চেসাবেতে একসঙ্গে কাজ করেছিলেন সামান্থা আর নাগা চৈতন্য। ২০১৭ সালে হায়দরাবাদে তাঁদের বাগদান পর্ব হয়েছিল। আর ২০১৭ সালের ৬ অক্টোবর হিন্দুমতে ও পরদিন খ্রিষ্টীয় রীতিতে তাঁদের বিয়ে হয়েছিল। সামান্থার শ্বশুর দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় তারকা নাগার্জুন।